২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নারীকে পণ্য বানানো গানে অংশ নিতে চাই না'

সম্প্রতি নগ্নতা ও যৌনতা বিষয়ে খোলামেলা কথা বলে আলোচনায় আসা ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টে এবার বললেন, নারীর পণ্যায়ণ ঘটানো হয় এমন কোনো গানে তিনি অংশ নেবেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2015, 12:35 PM

Updated : 25 Apr 2022, 01:11 PM

‘বাদলাপুর’ এবং ‘হান্টার’-এর মতো সিনেমার এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল হিন্দি সিনেমার আইটেম গানে তাকে কখনও দেখা যাবে কি না। উত্তরে তিনি বলেন, “এটা নির্ভর করে গানটা আসলে কেমন। আইটেম নাম্বার আসলে কী? এটা গানের সঙ্গে নাচের দৃশ্য। কিন্তু এর মাধ্যমে আপনি যদি একজন নারীর পণ্যায়ন ঘটান, এবং সেই গানে সংক্ষিপ্ত পোশাক পরে নাচাটাই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, তবে আমি সেটা পছন্দ করি না। আমি এরকম কিছু করবো না।”

সাতটি ভিন্ন ভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করা রাধিকা আরও বলেন চলচ্চিত্রে নারীরা সম অধিকার পান না।

“এখানে বৈষম্য রয়েছে। পুরুষ অভিনয়শিল্পীরা বাড়তি অর্থ পান। আমি এটা পছন্দ করি না। আরও অনেক বৈষম্য আছে। কিসের ভিত্তিতে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক দেওয়া হবে - সেটার একটি মানদণ্ড থাকা উচিৎ। প্রায়ই আমি দেখি, আমি অনেক কম আয় করছি, অথচ আমার পুরুষ সহকর্মী আমার থেকে অনেক বেশি অর্থ পাচ্ছেন। আমার খারাপ লাগে।”

নারীদের অধিকার এবং যৌনতা নিয়ে বরবরই খোলামেলা কথা বলা রাধিকা এর আগে আলোচনায় এসেছিলেন যৌনতা কোনো অপরাধ নয় - এই কথা বলে। এরপর তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেন, নারীরা এখন আর সতী-সাবিত্রীর ধারণায় বিশ্বাসী নন। বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানো এখন আর কোনো বড় ব্যাপার নয়।

পুরনো খবর:

'যৌনতা কোনো অপরাধ নয়'
'নারীরা আর সতী-সাবিত্রীর ধারণায় বিশ্বাসী নয়'