২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন ডিজাইনার গৌরি খান

রূপালী পর্দায় নানা রূপে আবির্ভূত হয়ে দর্শকের বিনোদনের খোরাক যোগান শাহরুখ খান। তবে তাকে ছাড়িয়ে গেছেন স্ত্রী গৌরি খান। এক সময়ের মডেল গৌরি প্রযোজনা এবং ইন্টেরিয়র ডিজাইন করেছেন আগেই। এবার ফ্যাশন ডিজাইনার হিসেবেও নাম লেখালেন। মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে র‌্যাম্পে হাঁটলেন নিজের নকশা করা পোশাক পরেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 04:58 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ডিজাইনার সত্য পলের ফ্যাশন জগতে ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে তার ব্র্যান্ডের অধীনেই নিজের নকশা করা পোশাকের প্রদর্শনী করেন গৌরি। ‘আ ট্রপিকাল ওয়ান্ডার’ শিরেনামের এই পোশাক সংগ্রহের মধ্যে ছিল ফুলেল নকশার আটপৌরে এবং অবসর যাপনের পোশাকের সমাহার। গৌরির নকশায় এদিন ইষদচ্ছ টিউনিক, খোলামেলা কাফতান, বৈচিত্রপূর্ণ শিফ্ট ড্রেস এবং অভিজাত শাড়িতে সজ্জিত মডেলরা হাঁটেন র‌্যাম্পে।

শাড়িতে স্যাটিন এবং জর্জেট কাপড়ের ব্যবহার হলেও অন্য পোশাকগুলোতে চোখে পড়েছে কটন সিল্ক, শিফন, লাক্স অর্গ্যাঞ্জার মতো বৈচিত্রপূর্ণ এবং আরামদায়ক কাপড়ের ব্যাবহার। গ্রীষ্ম এবং বসন্তের আবহ ফুটিয়ে তুলতে উজ্জ্বল কমলা, সমুদ্রনীল এবং সাদা ও আবীর রঙের নানা শেইড এই পোশাকগুলোতে ব্যবহার করেছেন গৌরি।

স্বামী শাহরুখ খানের সঙ্গে ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান রেডচিলি এন্টারটেইনমেন্টস। এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

সিনেমা প্রযোজনার পাশাপাশি ২০১০ সালে হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন একটি ইন্টেরিয়র ডিজাইনিং-এর প্রতিষ্ঠান। নব্বইয়ের দশকে মডেলিং এর পাশাপাশি উপস্থাপনাও করেছেন করেছেন গৌরি। শাহরুখের সঙ্গে ‘ডিডেকর’-এর বিজ্ঞপনচিত্রে মডেলিং করতেও দেখা গেছে তাকে।

ছবি দেখুন