এবার পুরোনো ‘শার্লক’
জনপ্রিয় ব্রিটিশ টিভি সিরিজ ‘শার্লক’-এর বিশেষত্বই হলো এর আধুনিক প্রেক্ষাপট। কিন্তু বিশেষ একটি পর্বের জন্য সেই আঠারো শতকের মাঝামাঝি সময়ে ফিরতেই হলো শালর্ক হোমসকে।
২০১৪ সালে বিবিসি ‘শার্লক’-এর একটি বিশেষ ছবি প্রকাশ করে, যেখানে প্রধান অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং মার্টিন ফ্রিম্যানকে দেখা গেছে ভিক্টোরিয়ান আমলের পোশাকে সজ্জিত অবস্থায়। তখন থেকেই ‘শার্লক’ ভক্তদের জল্পনা-কল্পনা শুরু হয় ছবিটি নিয়ে। শার্লক কি তবে আঠারো শতকের লন্ডনে ফিরে যাবেন, নাকি নিছক মজা করার জন্যই এই ছবি?
সব প্রশ্নের উত্তর এবার এন্টারটেইনমেন্ট উইকলিকে দিয়েছেন সিরিজটির সহ-নির্মাতা স্টিভেন মোফাট।
তিনি জানান, এটা হবে ‘শার্লক’-এর একটি বিশেষ পর্ব, যা অন্তর্ভুক্ত নয়, সিরিজটির পরবর্তী তিন পর্বের সিজনে।
“এই বিশেষ পর্বটি সিরিজ থেকে স্বতন্ত্র। যেভাবে আমরা এই গল্পটি নিয়ে কাজ করেছি, সেটা আমরা করতাম না, যদি না পর্বটিকে আমরা বিশেষ মনে করতাম।”
“এটা তিন পর্বের নিয়মিত সিরিজের অন্তর্গত না। আমাদের তাই এটা করতেই হয়েছে, গোপনীতা বজায় রেখে কেবল এটাই বলা যায়- এটা ভিক্টোরিয়ান।”
পর্বটির নির্মাণকাজ এরমধ্যেই শেষ হয়ে গেছে; মোফাট বলছেন, তিনি নিজে দারুণ সন্তুষ্ট এই বিশেষ পর্বটি নিয়ে।
পর্বটি কবে প্রচার করা হবে, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানায়নি বিবিসি।
