২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রেয়সী'র প্রশংসায় পঞ্চমুখ ভিরাট

নিজের নতুন সিনেমা ‘এনএইচটেন’ নিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা। তবে ‘বিশেষ একজন’-এর প্রশংসা নিঃসন্দেহেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হিন্দি সিনেমার এই অভিনেত্রীর কাছে। তিনি আর কেউ নন, আনুশকার প্রেমিক ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 12:15 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও প্রেমিকা অভিনীত ও তার প্রযোজনার প্রথম সিনেমা ‘এনএইচটেন’ দেখেছেন তিনি। শুধু তাই নয়, মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রশংসার ঝড় বইয়ে দিতে ভোলেননি।

তিনি লিখেছেন, “এইমাত্র ‘এনএইচটেন’ দেখলাম। আমি উড়ে গেছি। কী দারুণ এক সিনেমা আর বিশেষ করে অসাধারণ অভিনয় আমার প্রেয়সী আনুশকা শর্মার কাছ থেকে। খুব গর্বীত।”

জবাব দিতেও দেরি করেননি আনুশকা। তিনি লিখেছেন, "ধন্যবাদ! ভীষণ খুশি!"

বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে নিজেদের সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বলছেন আনুশকা-ভিরাট জুটি। ম্যাচের মাঝখানে শতক উদযাপনে গ্যালারিতে থাকা আনুশকার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে আলোচনা এসেছিলেন ভিরাট। তার কিছুদিনের মধ্যেই গণমাধ্যমে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন তিনি।

আনুশকাও অবশেষে মুখ খুলেছেন তাদের সম্পর্ক নিয়ে। অ্যাবসোলিউট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছুদিন আগেই আনুশকা বলেছিলেন, “আমি তার (ভিরাট) সঙ্গে সম্পর্কে জড়িয়েছি এবং আমাদের সম্পর্কের প্রতি আমি শ্রদ্ধাশীল। যে কারণে আমি এ ব্যাপারে খুব একটা কথা বলি না সেটা হলো, আমরা আসলে সীমারেখা টানতে জানিনা। কেউ যখন প্রকাশ্যে আপনাকে বলে, ‘হ্যা আমি প্রেম করছি’, আর তারপরেও যদি তাকে এ ব্যাপারে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়, তাহলে আমার মনে হয় এখানে ব্যাক্তি স্বাধীনতার লঙ্ঘন করা হচ্ছে।”

‘এনএইচটেন’ - এ মূল চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। নারীকেন্দ্রিক এই অ্যাকশন থ্রিলারে তার সহশিল্পী হিসেবে ছিলেন নিল ভুপালাম এবং দার্শান কুমার।