র্যাম্প ছাড়ছেন জিসেল বান্ডচেন
৩৪ বছর বয়সে র্যাম্প মডেলিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান মডেল জিসেল বান্ডচেন। জানালেন, সাও পাওলো ফ্যাশন উইকে শেষবারের মতো র্যাম্পে হাঁটবেন তিনি।
ব্রাজিলের পত্রিকা এস্তাদাও বলছে, এপ্রিলে শুরু হতে যাচ্ছে সাও পাওলো ফ্যাশন উইক, আর সেখানে ফ্যাশন স্টোর 'কলচ্চি'র জন্য র্যাম্পে হাঁটবেন বান্ডচেন। আর এভাবেই তার র্যাম্প ক্যারিয়ারের ইতি ঘটবে।
২০ বছর ধরে মডেল হিসেবে কাজ করছেন বান্ডচেন। ২০০৪ সাল থেকে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী মডেলের খেতাব ধরে রেখেছেন তিনি।
১৩ বছর বয়সে মডেলিং শুরু করেন বান্ডচেন। এরপর সাও পাওলোতে বসত গড়েন তিনি। ১৪ বছর বয়স থেকে পুরোদমে শুরু হয় তার ক্যারিয়ার। দুই বছরের মধ্যেই নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন তিনি।
মার্কিন ফুটবলার টম ব্রেডিকে বিয়ে করেছেন তিনি, একসঙ্গে তাদের আছে দুই সন্তান। ২০১৪ সালে 'ফোবর্স'-এর তালিকায় ৮৯তম প্রভাবশালী নারীর খেতাব পেয়েছিলেন বান্ডচেন।
বান্ডচেন জানান, র্যাম্পে না হাঁটলেও মডেলিং চালিয়ে যাবেন তিনি।
