অভিনয়ে ব্যস্ততা বাড়ছে শ্রিয়ার
বাবা-মা-ভাইয়ের পথ ধরে এবার অভিনয়ে নেমে পড়েছেন শ্রিয়া সর্বজয়া। আলী যাকের-সারা যাকের তনয়া স্রেফ শখের বশে অভিনয়ে এলেও গ্লিটজকে বলছেন, যুৎসই চরিত্র পেলে টিভিনাটকে নিয়মিত হবেন।
শ্রিয়া গ্লিটজকে বলেন, “আমি এখনও প্রফেশনালি অভিনয় করতে শুরু করিনি। স্রেফ শখের বশে টিভিনাটকে অভিনয় করছি। সারাবেলার ব্যস্ততার পর আমার শিডিউল মেলানো পরিচালকের জন্য চাট্টিখানি কথা নয়। তবে সত্যিই যুৎসই গল্প ও চরিত্র পেলে আমি নিয়মিত অভিনয় করবো।”
এ প্রসঙ্গে শ্রিয়া আরও বলেন, “ঠিক কেমন ধরনের চরিত্র চাই, তা বলা কঠিন। যে অভিনয় করতে ভালোবাসে, তার অভিনয়ের সুযোগ থাকলে সে সব ধরনের চরিত্রেই কাজ করতে চাইবে। তবে গল্পে সে চরিত্রটির গুরুত্ব থাকতে হবে। চরিত্রটিকে যেন কিছু বলার সুযোগ দেওয়া হয়। আমি কখনও একই ধাঁচের চরিত্রে অভিনয় করতে চাই না।”
টিভিনাটকে অভিনয়ের পাশাপাশি শ্রিয়া নাগরিক নাট্যসম্প্রদায়ের মঞ্চনাটক ‘নামগোত্রহীন-মান্টোর মেয়েরা’য় অভিনয় করছেন। এ নাটকের দ্বিতীয় পর্ব ‘লাইসেন্স’- এ নীতি চরিত্রটিতে দেখা যায় তাকে।
শ্রিয়া অপকটেই জানালেন, অভিনয়ের ক্ষেত্রে বাবা-মা-ভাই তিনজনের প্রভাবই রয়েছে তার ওপর। বাবার অভিনীত মঞ্চনাটক ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’ এবং টিভি ধারাবাহিক ‘আজ রোববার’ এখনও চোখে লেগে আছে তার।
তবে ‘নামগোত্রহীন-মান্টোর মেয়েরা’ নাটকের সুগন্ধী চরিত্রটিকেই মায়ের অভিনীত সেরা চরিত্র মনে করেন তিনি।
রেডিও স্বাধীনের স্টেশন ইনচার্জ শ্রিয়া আরও জানালেন, ২০ মার্চ রেডিও স্বাধীনের তৃতীয় বর্ষপূর্তী উপলক্ষে অনুষ্ঠান বিভাগ নিয়ে নতুন পরিকল্পনা করছেন। তৃতীয় বর্ষে রেডিও স্বাধীনের অনুষ্ঠানমালায় বড় পরিবর্তন আসছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
ইমরাউল রাফাত পরিচালিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস: এক্সপোজ’ নাটকের সেটে কথা হচ্ছিল শ্রিয়ার সঙ্গে। এ নাটকে অভিনয় করছেন বাস্তবের শ্রিয়ার চরিত্রেই।
গ্লিটজকে জানালেন, বাস্তবের কর্পোরেট ব্যক্তিত্ব শ্রিয়ার লাইফস্টাইলকে তুলে ধরা হচ্ছে এই নাটকে। তবে গল্পের প্রয়োজনে কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছেন পরিচালক।
“নাটকের গল্পটি বেশ দারুণ। ক্যামেরার সামনে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে গিয়ে আমাকে অন্যরকম প্রেক্ষাপটে কাজ করতে হচ্ছে। এ নাটকের আমার শিডিউল পেতে রাফাতকে বেশ বেগ পেতে হয়েছে। তবে হাল ছাড়েননি। রাফাত ভীষণ ঠাণ্ডা মাথার মানুষ। খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে।”
বদরুল আনাম সৌদ পরিচালিত ‘পিঞ্জর’ ধারাবাহিকের মাধ্যমে ২০১৪ সালে টিভিনাটকে অভিষেক হওয়া শ্রিয়া আরও অভিনয় করেছেন হৃদি হকের ‘সায়াহ্ন’, মাবরুর রশিদ বান্নাহর ‘একজন রুপবানের গল্প’ নাটকে।
