২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে কর্তৃত্ব করতে যাচ্ছেন যে বঙ্গকন্যারা

‘ডিটেকডিভ ব্যোমকেশ বক্সি’, ‘একবার ফির কাহো’, ‘ইয়ারা সিলি সিলি’, ‘ইশক কাভি কারিও না’র মতো চলতি বছরের বেশ কিছু হিন্দি সিনেমায় চোখে পড়বে টালিগঞ্জের অভিনেত্রীদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:21 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

স্বস্তিকা মুখার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাইমা সেন, পাওলি দাম, পায়েল সরকার আর অর্পিতা চ্যাটার্জিদের উপস্থিতিতে সরগরম থাকবে মুম্বাইয়ের সিনেপাড়া।

স্বস্তিকা মুখার্জি

৩ এপ্রিল মুক্তি পাচ্ছে দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। শরদিন্দু চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টিকে পর্দায় তুলে আনছেন হালের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সিনেমার ট্রেইলারে এর মধ্যে দেখা গেছে আঙ্গুরি দেবির চরিত্রে স্বস্তিকা মুখার্জির আবেদনময় উপস্থিতি। ট্রেইলারের মতো সিনেমাতেও তার উপস্থিতি সাড়া জাগাবে দর্শকের মনে, এমন ধারণাই করছেন সবাই।

ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজান লিয়ালপুরির ‘একবার ফির কাহো’ সিনেমায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাহুল দেব। সিনেমার সংগীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী। সিনেমাটিকে “সামাজিক বার্তাবাহী পূর্ণবয়স্কদের ভালোবাসার গল্প” হিসেবেই অভিহিত করেছেন ঋতুপর্ণা।

পাওলি দাম

‘হেইট স্টোরি’ দিয়ে আলোচনায় আসা টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দামকে আরও একবার দেখা যাবে হিন্দি সিনেমায়। এবার তিনি অভিনয় করেছেন সুভাস সায়গালের ‘ইয়ারা সিলি সিলি’ সিনেমায়। দুই বাঙ্গালি তরুণ-তরুণীর ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় পাওলির বিপরীতে আছেন টালিগঞ্জেরই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও তার হাতে আছে ভিক্রাম ভাট পরিচালিত আরেকটি সিনেমা।

রাইমা সেন

২০১৪ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি ‘চিলড্রেন অফ ওয়ার’ (যুদ্ধশিশু) সিনেমা দিয়ে সমালোচকদের দৃষ্টি কাড়া রাইমা সেনকে এ বছর দেখা যাবে দুটি হিন্দি সিনেমায়। এই মুহুর্তে তিনি কাজ করছেন কেডি সাত্যামের ‘বলিউড ডায়েরিজ’ - এ। ইমলি নামের এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন তিনি, যে হিন্দি সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। এছাড়া কাজ শেষ করেছেন ‘ইশক কাভি কারিও না’ সিনেমার। এই সিনেমায় তার চরিত্র এক ধনাঢ্য গৃহবধুর, যে পরকীয়ায় জড়িয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রতিক বাব্বার।

অর্পিতা চ্যাটার্জি

অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রী অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জিকে প্রথমবারের মতো হিন্দি সিনেমায় দেখা যাবে ‘শাব’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে অর্পিতা অভিনয় করেছেন দিল্লির এক অভিজাত যুবতীর ভূমিকায়, যে প্রেমে জড়িয়ে পড়ে তার চেয়ে বয়সে ছোট এক তরুণের।

এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের লম্বা চুল বিসর্জন দিয়েছেন অর্পিতা। খাট চুলের দারুণ ফ্যাশন সচেতন এক নারীর ভূমিকাতেই এই সিনেমায় দেখা যাবে তাকে।

পায়েল সরকার

‘চতুষ্কোণ’ আর ‘এবার শবর’ সিনেমায় সবার নজর কাড়া অভিনেত্রী পায়েল সরকারকে এ বছর দেখা যাবে ‘গুড্ডু কি গান’ সিনেমায়। তার বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন কুনাল খেমু। বিহার থেকে কলকাতায় জীবিকার তাগিদে আসা এক উচ্ছ্বল ওয়াশিং পাউডার সেলসম্যান কিভাবে এক সহজ সরল মেয়ের প্রেমে পড়ে যায়- সেটা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প। এটি পরিচালনা করেছেন শান্তনু রায় এবং শীর্ষক আনন্দ।