বেশি পারিশ্রমিক চান 'ফিফটি শেডস' তারকারা
মুক্তির পর থেকেই বক্স-অফিসের শীর্ষে থাকা যৌনতানির্ভর সিনেমা ‘ফিফটি শেডস অফ গ্রে’তে অভিনয় করে তারকা বনে গেছেন জেইমি ডোরন্যান ও ডাকোটা জনসন। এখন সিরিজের পরের দুই সিনেমার জন্য বেশি পারিশ্রমিক চান তারা।
হলিউড রিপোর্টার বলছে, ‘টোয়াইলাইট’ কিংবা ‘হাঙ্গার গেইমস’-এর কলাকুশলীদের মতোই ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিরিজের ক্ষেত্রেও জেইমি এবং ডাকোটার জন্য নূন্যতম পারিশ্রমিক ধার্য করেছিলেন প্রযোজকরা। ‘ফিফটি শেডস অফ গ্রে’-এর জন্য তারা পাচ্ছেন আড়াই লাখ ডলার এবং বক্স-অফিস সাফল্যের অংশ।
সিরিজের অন্য দুই সিনেমা ‘ফিফটি শেডস ডার্কার’ এবং ‘ফিফটি শেডস ফ্রিড’-এর জন্য এখন তারা পারিশ্রমিক বাড়ানোর দাবি তোলার কথা ভাবছেন।
সিনেমাটির প্রযোজক ড্যানা ব্রুনেটি বলছেন, এমনটা যে হবে সেটা তিনি আগে থেকেই ধারণা করেছিলেন। কারণ এ ধরনের সিনেমা তারকা তৈরি করবেই। আর এই তারকারা এখন বেশি পারিশ্রমিক চাইতেই পারেন।
পরের দুই সিনেমার জন্য অবশ্য প্রযোজকদের নতুন পরিচালক খুঁজতে হবে। ‘ফিফটি শেডস অফ গ্রে’ উপন্যাসটির রচয়িতা ই এল জেমস-এর সঙ্গে সিনেমাটি নির্মাণকালেই বিবাদ হয়েছিল নির্মাতা স্যাম টেইলর-জনসনের। সে কারণেই পরের সিনেমাগুলোতে পরিচালক হিসেবে থাকছেন না তিনি।
