২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজে সনিকা এবার চলচ্চিত্রে 

অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠতে চাইছেন ডিস্ক জকি মারজিয়া কবীর সনিকা। ছোট পর্দায় ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠা সনিকা বলছেন, ডাক এসেছে চলচ্চিত্র থেকেও। ঢাকাই সিনেমার পাশাপাশি টালিগঞ্জের সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:04 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

তবে চলচ্চিত্র নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চান না সনিকা। টিভি নাটকে নিজের অবস্থান আরও পোক্ত করে তবেই চলচ্চিত্রে অভিনয় করবেন। 

সনিকা গ্লিটজকে বলেন, “প্রথমেই আমার সিনেমার গল্প ও চরিত্র পছন্দ হতে হবে। সিনেমাতে আমার অভিনয়ের যথার্থ সুযোগ থাকলে তাতে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। সে সিনেমা অফট্র্যাক হোক কিংবা মূলধারার।”

সিনেমাতে কেমন চরিত্র চান- এমন প্রশ্নের জবাবে সনিকা বলেন, “মজার চরিত্রগুলোতে অভিনয়ে আমি বেশি আগ্রহী। প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। সনিকা হিসেবে নয় দশর্কের কাছে আমি চরিত্রের নামেই পরিচিত হতে চাই।”

সনিকার সঙ্গে কথা হচ্ছিল ইমরাউল রাফাত পরিচালিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ সিরিজের ‘এক্সপোজ’ নাটকের শুটিংয়ে। এই ধারাবাহিকে সনিকা অভিনয় করছেন নিজের চরিত্রে। রাফাতের সঙ্গে এটাই প্রথম কাজ তার।

নাটকটি নিয়ে সনিকা বললেন, “আমি বাস্তবে যেমন ঠিক সেভাবেই রাফাত আমাকে পর্দায় উপস্থাপন করছেন। এমন গল্পে সচরাচর সুযোগ মেলে না। বাস্তবের মতো চটপটে, বুদ্ধিমতী আর ভীষণ বন্ধুভাবাপন্ন সনিকাকে দেখা যাবে এ নাটকে।”

আরও বললেন, “একান্ত শখের বশেই অভিনয় করছি। সিনেমা আমার কাছে ফ্যান্টাসি। তবে সিনেমাতে নিয়মিত হলে নাটকে অভিনয় করবো না।”

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে সনিকার ‘ভালো লাগে’ গানটি। নিজের লেখা ও সুর করা গানটি মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফিও তার নিজের।

গানটি নিয়ে সনিকা বলেন, “আন্তর্জাতিক পরিসরে আমি ডিজে হিসেবে কাজ করছি। আমি সবসময় প্রচলিত ধারার বাইরে ভিন্নধারার একটি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা করছিলাম, যা সত্যি আন্তর্জাতিক মানের। এই মিউজিক ভিডিও নির্মাণ করতে গিয়ে আমি বিশ্বজুড়ে বাঙ্গালি এনআরবি ফ্যানদের কথাও ভেবেছি।”

Image
ডিস্ক জকি মারজিয়া কবীর সনিকা, ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডিস্ক জকি মারজিয়া কবীর সনিকা, ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিউজিক ভিডিওতে খোলামেলা উপস্থিতির কারণে বিভিন্ন মহলে সমালোচিত হলেও তার ‘পরোয়া’ করেন না তিনি।

“প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক ও নেতিবাচক সমালোচনা হয়। যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় তাই সবচেয়ে বেশি ‘হিট’ হয়। ইতিবাচক কিংবা নেতিবাচক সমালোচনা- কোনোটি আমি পরোয়া করি না। তবে এই মিউজিক ভিডিওটিকে ঘিরে আমার সমস্ত মনোযোগ ছিল। আমি সচরাচর যে ধরনের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করি ‘ভালো লাগে’ গানের দৃশ্যায়নেও নিজেকে সেভাবে উপস্থাপন করেছি।”

সনিকা আরও বললেন, “আগামীতে মিউজিক ভিডিওতে প্রয়োজনে খোলামেলা পোশাক অথবা বিকিনিও পড়তে পারি। তবে এটা নির্ভর করছে আমার মুড ও ফ্যাশনের উপর।”

সনিকা জানালেন, এ বছরে তার নতুন অ্যালবাম বাজারে আসছে। অ্যালবামে থাকছে ছয়টি গান। অ্যালবাম প্রকাশের আগে গানগুলোর মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ করবেন বলে জানালেন তিনি।