বক্স-অফিসে পাত্তা পাচ্ছে না ‘চ্যাপি’
নতুন দুই সিনেমা ‘চ্যাপি’ এবং ‘আনফিনিশ্ড বিজনেস’-এর মুক্তির সপ্তাহ পেয়েছে মার্কিন বক্স-অফিসে চলতি বছরের সবচেয়ে খারাপ ব্যবসার সপ্তাহের খেতাব।
সনি পিকচার্স আশা করেছিল নিল ব্লমক্যাম্পের সাই-ফাই সিনেমা ‘চ্যাপি’র উদ্বোধনী আয় কম করে হলেও দেড় কোটি ডলারে হবে। ব্যাপক প্রচার চালানোয় অনেকে ভেবেছিলেন, মুক্তির পরপরই দুই কোটি ডলার আয় করে নেবে সিনেমাটি। কিন্তু প্রথম তিন দিনে চ্যাপির আয় কোনমতে দাঁড়িয়েছে এক কোটি ৩৩ লাখ ডলার।
বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে হলগুলোতে ‘ফিফটি শেডস অফ গ্রে’ এবং ‘ফোকাস’-এর মতো আর রেটেড সিনেমা থাকায় খুব একটা সুবিধা করতে পারছে না সাই-ফাই কিংবা ফ্যান্টাসি ঘরানার সিনেমাগুলো। ইরটিক ড্রামা ‘ফিফটি শেডস অফ গ্রে’র কাছে গত মাসেই মার খেয়েছে মিলা কিউনিস ও চ্যানিং ট্যাটাম অভিনীত আরেক সাই-ফাই ‘জুপিটার অ্যাসেন্ডিং’। এর আগে ফ্যান্টাসি সিনেমা ‘দ্য সেভেন্থ সান’ও ভাল ব্যবসা করতে পারেনি।
ওদিকে আর রেটেড হলেও ভাল অবস্থানে নেই চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ‘আনফিনিশ্ড বিজনেস’। আয়ের দিক থেকে ‘চ্যাপি’র চেয়েও খারাপ অবস্থায় আছে সিনেমাটি। ৪৮ লাখ আয় করায় অভিনেতা ভিন্স ভনের সবচেয়ে কম আয়ের সিনেমায় পরিণত হয়েছে এটি। এই নিয়ে চার বছরে পঞ্চমবারের মতো ফ্লপ হতে হলো এই অভিনেতাকে।
চার কোটি নয় লাখ ডলার ব্যায়ে নির্মীত ‘চ্যাপি’ নিয়ে অবশ্য এখনই হাল ছাড়ছেন না প্রযোজকেরা। নিল ব্লমক্যাম্পের আগের দুই সিনেমা ‘ডিস্ট্রিক্ট নাইন’ এবং ‘এলিসিয়াম’ অনেকদিন ধরে হলে চলেছিল। সেভাবেই ধীরে ধীরে এবারের সিনেমাটি থেকেও লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।
এই মন্দার মধ্যেও ভাল ব্যবসা করেছে ‘দ্য সেকেন্ড বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল'। এক দল বৃদ্ধ-বৃদ্ধার ভারতে ছুটি কাটাতে এসে নিজেদের জীবনের অর্থ নতুন করে খোঁজা ও সেখানেই থেকে যাওয়ার গল্প নিয়ে নির্মিত 'বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল' - এর এই সিকুয়াল এর মধ্যেই আয় করে নিয়েছে ৮৪ লাখ ডলার। রিচার্ড গিয়ার, জুডি ডেঞ্চ অভিনীত সিনেমাটির নির্মাণ ব্যায় ১ কোটি ডলার। প্রযোজকেরা আশা করছেন দ্রুতই হিটের খাতায় নাম লেখাবে সিনেমাটি।
এদিকে গত সপ্তাহে বক্স-অফিসে শীর্ষে থাকা উইল স্মিথের সিনেমা ‘ফোকাস’ এই সপ্তাহে এক কোটি ডলার আয় করে আছে দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়ালো ৩ কোটি ৪ লাখ ডলার।
চলতি বছরের অন্যতম হিট সিনেমা ‘কিংসমেন: দ্য সিক্রেট সার্ভিস’ এই সপ্তাহে আয় করেছে ৮৩ লাখ ডলার। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন প্রায় ১০ কোটি ডলার। ওদিকে এরমধ্যেই সুপারহিটে পরিণত হওয়া ‘ফিফটি শেডস অফ গ্রে’ এই সপ্তাহে আয় করেছে ৫৬ লাখ ডলার। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ১৫ কোটি ডলারের ওপরে।
