২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নায়কদের পারিশ্রমিকের এক চতুর্থাংশ পাই'

কিছুদিন আগেই অস্কারের মঞ্চে অভিনেত্রীদের পারিশ্রমিকে সমতা আনার দাবী জানিয়ে সাড়া জাগিয়েছিলেন ‘বয়হুড’ অভিনেত্রী প্যাট্রিশিয়া আর্কেট। তার সঙ্গে এবার কণ্ঠ মেলালেন ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা। বললেন, সময় এসেছে পারিশ্রমিকের এই বৈষম্য দূর করার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সম্প্রতি এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন,“যেভাবে আমাদের পারিশ্রমিক দেওয়া হয়, সেটা খুবই অন্যায্য। আমার মনে হয় এখানে বৈষম্য অনেক বেশি। পুরুষেরা যত পান, আমরা পাই তার এক চতুর্থাংশ। দ্বিতীয়ত, অভিনেত্রীদের ক্যারিয়ারের দৈর্ঘ্যও অনেক ছোট। তার ওপর, আমাদের খরচও অনেক বেশি। আমাদের উপার্জনের ৩০ থেকে ৪০ শতাংশ চলে যায় সাজ-সজ্জার পেছনে। আর তাই, এই অল্প সময়ের মধ্যে অভিনেত্রী হিসেবে আপনি আসলে খুব বেশি আয় করতে পারেন না।”

“এটা অবশ্যই অন্যায় কারণ এর মধ্যেও অভিনেতাদের সঙ্গে আপনাকে তুলনা করা হবে। যেমন ধরুন, একজন অভিনেতা আপনার চেয়ে নিচু মানের হলেও পুরুষ হওয়ার কারণেই সে বেশি পারিশ্রমিক পাবে।”

‘এনএইচ টেন’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী থেকে প্রযোজক বনে যাওয়া আনুশকা আরও বলেন, “আমি অবাক হব না, যদি দেখি, প্রথম সারির একজন অভিনেত্রীও নবাগত একজন অভিনেতার সমান অথবা তার তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন। সুতরাং এটা অবশ্যই ঠিক নয়।

আনুশকা আরও বলেন, ধীরে ধীরে সিনেমায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর তাই সময় এসেছে পরিশ্রমিকের এই বৈষম্য দূর করার।

“এখন, ‘কুইন’-এর মতো সিনেমা আপনারা দেখছেন; যা কেবল কাঙ্গানার কারণেই ব্যবসাসফল হয়েছে। ‘মারদানি’, ‘এনএইচ টেন’-এর মতো সিনেমা হচ্ছে। সুতারং অভিনেত্রীদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।”

তিনি আরও বলেন, “এটা সত্যিই ঘটছে। এর সব কিছুই ধীরে ধীরে একটি ঘটনার দিকেই এগুচ্ছে। আমার মনে হয়, এখনই সময় এই বৈষম্য দূর করার। তাদেরকে এই ব্যাপারটা নতুন করে ঠিক করতে হবে। আগে হয়তো এভাবেই চলেছে, কিন্তু এখন সবাইকে একসঙ্গে বসে এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।”