'আমি বেঁচে আছি, আমি চ্যাপি'
রোবট যেন যান্ত্রিকতার মূর্ত রূপ। সেই রোবটে যদি মানবীয় গুণাবলী আরোপ করা হয়, তবে তা কেমন হবে - এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা অনেক নির্মাতাই করেছেন। ‘চ্যাপি’ সিনেমাটিও এমনই এক প্রচেষ্টার ফল।
‘ডিসট্রিক্ট নাইন’ এবং ‘এলিসিয়াম’এর মত গম্ভীর সায়েন্স ফিকশন উপহার দেওয়ার পর দক্ষিন আফ্রিকান নির্মাতা নিল ব্লমক্যাম্প নিয়ে এসেছেন একটু ভিন্ন ধাঁচের ‘চ্যাপি’। গতানুগতিক সাই-ফাইয়ের মতো এতে ধুন্ধুমার অ্যাকশন কিংবা লাফিয়ে ওঠার মতো থ্রিল নেই, তবে আছে একটি ব্যাতিক্রমধর্মী রোবট।
কৃত্রিম বুদ্ধিমত্তা বরাবরই একটি অমীমাংসিত রহস্য হিসেবে সেলুলয়েডে ধরা দিয়েছে। আরও একবার এই বিষয়টি তুলে আনা হয়েছে ‘চ্যাপি’তে। কিন্তু সাই-ফাইয়ের গাম্ভীর্য সম্পূর্ণ ঝেড়ে ফেলে এতে ব্লমক্যাম্প তুলে ধরেছেন সারল্য এবং ভালোবাসার মত অনুভূতিকে।
সিনেমায় ‘এলিয়েন’ খ্যাত সিজর্নি উইভারকে দেখা যায রোবট কোম্পানির প্রধান হিসেবে, যার একমাত্র উদ্দেশ্য কোম্পানির উন্নতি। নিজের তারকাখ্যাতির বিচারে পর্দায় কমই আসতে পেরেছেন হিউ জ্যাকম্যান, চরিত্রের রূপায়নে তেমন দুর্বলতা দেখা না গেলেও চরিত্রটি আরও পরাক্রমশালী হতে পারতো।
রোবট কোম্পানির একজন প্রকৌশলীর চরিত্রে অভিনয় করেছেন 'স্লামডগ মিলিওনেয়ার' খ্যাত অভিনেতা দেব প্যাটেল। সিনেমার মূল কাহিনি শুরু হয় তার হাত ধরেই।
এছাড়া অভিনয় করেছেন ব্লমক্যাম্পের পছন্দের শিল্পীদের একজন হোসে পাবলো ক্যান্তিলো, এর আগে ‘এলিসিয়াম’-এ দেখা গেছে তাকে।
সিনেমার মূল চরিত্র, চ্যাপির কণ্ঠ দিয়েছেন দক্ষিন আফ্রিকার অভিনেতা শার্লটো কোপলি। এবারও পছন্দের শিল্পির পুনরাবৃত্তি। ‘এলিসিয়াম’- এ দেখা গেছে তাকেও।
রোবটকে আমরা নাচতে দেখেছি, লড়াই করতে দেখেছি, মানবজাতির উপর ক্ষমতা জাহির করতে দেখেছি, কিন্তু রোবটের শরীরে একজন শিশুকে দেখা অনেকের জন্যই হবে প্রথম অভিজ্ঞতা। শিশুর মতো মননের এই রোবটটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কতো জটিলতা এবং স্বার্থপরতা পরিপূর্ণ মানুষের এই পৃথিবী।
কাহিনি এগুনোর সঙ্গে সঙ্গে চ্যাপির প্রতি দর্শকের ভালোবাসা তৈরি হতে বাধ্য। সন্ত্রাসী এক নারীর মধ্যে মাতৃভাবের উদ্ভব ও একটি রোবটের সঙ্গে তার সম্পর্ক এতটাই মানবীয়ভাবে তুলে ধরা হয়েছে যা দর্শকের হৃদয়ে নাড়া দেবে।
সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টের ওপর বরাবরই আলাদাভাবে জোর দিয়ে থাকেন এই নির্মাতা। এবারও হয়নি ব্যাতিক্রম। স্পেশাল ইফেক্টের ব্যবহার যথাযথ ও সঙ্গতিপূর্ণ মনে হয়েছে। তবে কাহিনিতে বেশ কিছু ফাঁক চোখে পড়ে যা চিত্রনাট্যের দুর্বলতা প্রকাশ করে। আবেগ এবং উত্তেজনা ধরে রাখার চেষ্টায় নির্মাতা বেশ কয়েকটি অবাস্তব বিষয়ের অবতারণা করেছেন।
যারা সাই-ফাই সিনেমার ভক্ত, তাদেরকে হয়তো খুব একটা আকৃষ্ট করবে না 'চ্যাপি'। কারণ প্রথম ত্রিশ মিনিটেই সিনেমার যাবতীয় উত্তেজনাকর মুহূর্ত দেখানো হয়ে যায়। সিনেমাটিতে অ্যাকশন, রোমাঞ্চ কিংবা যৌনতার চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মানবীয় সম্পর্ক ও অনুভূতির ওপর। বিশেষ করে ‘ডিসট্রিক্ট নাইন’ কিংবা ‘এলিসিয়াম’- এর পর ‘চ্যাপি’ উত্তেজনার পারদ খুব একটা উঁচুতে চড়ায় না। তবে নির্মাতা হিসেবে ব্লমক্যাম্পের সৃজনশীলতার ওপর অনেকের আস্থা আরেকটু বাড়তে পারে ‘চ্যাপি’র মাধ্যমে।
