'প্রতি উপজেলায় হবে মুক্তমঞ্চ'
দেশব্যাপী নাট্যচর্চাকে আরও ‘বেগবান’ করতে এবার প্রতি উপজেলায় মুক্তমঞ্চ নির্মাণের ঘোষণা দিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার নাট্য সংগঠন প্রাঙ্গণেমোরের আয়োজনে শিল্পকলা একাডেমিতে 'দুই বাংলার নাট্যমেলা ২০১৫, রবীন্দ্রনাট্য ও অন্যান্য' শীর্ষক সপ্তাহব্যাপী নাট্যোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, “নাট্যচর্চাকে আরও বেশি অর্থপূর্ণ করে তুলতে হলে আরও বেশি শ্রম ও সাধনা প্রয়োজন।আমাদের নাটকের মানের দিকেও লক্ষ্য রাখতে হবে। নাট্যচর্চাকে অনুপ্রাণিত করতে সরকারও নানাভাবে সহযোগিতা করবে।”
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, “ ভারত-বাংলা যৌথ নাট্যোৎসব বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সৌহার্দ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস দুই বাংলার সংস্কৃতির সবগুলো দিক একসঙ্গে কাজ করলে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।”
এ উৎসবে আরও অংশ নিচ্ছে ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, নয়ে নাটুয়া, বাংলাদেশের সময় নাট্যদল, সুবচন নাট্যসংসদ, থিয়েটার আর্ট ইউনিট, শব্দ নাট্যচর্চা, নাট্যতীর্থ, মহাকাল নাট্য সম্প্রদায়।
