‘আর নয় অস্কার’
অস্কারের মঞ্চ খুব একটা আকৃষ্ট করতে পারেনি অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস। এ বছর প্রথমবারের মত অস্কার উপস্থাপনা করেই তিনি বলছেন, ‘আর নয় অস্কার’।
অস্কারে না ফেরার কারণ হিসেবে 'হাও আই মেট ইওর মাদার' খ্যাত এই তারকা দায়ী করলেন সময়কে। বলছেন, এ বছর নিজের শিডিউলের একটি বড় অংশ অস্কারের পেছনেই ব্যয় করতে হয়েছে তাকে। আর এ কারণেই দ্বিতীয়বার অস্কার আসরের উপস্থাপক হতে চান না হ্যারিস।
"আমি বুঝতে পারছি না আমার পরিবার কিংবা আমি নিজে এই কাজ আবার করতে পারবো কী না। কাজটি করতে ভালোই লেগেছে, কিন্তু যে পরিমাণ সময় আমাকে ব্যয় করতে হয়েছে তা অনেক বেশি ছিল আমার জন্য। বুঝতে পারছি না এই কাজটি আমি প্রতি বছর করতে পারবো কীনা।"
অস্কারে নিজের উপস্থাপনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন হ্যারিস। তবে একদমই দর্শক টানতে পারেনি এবারের অস্কার। অবশ্য দর্শকের প্রতিক্রিয়ার কথা তেমন ভাবছেন না বলে জানান হ্যারিস।
"বিষয়টি নিয়ে আমি তেমন একটা মাথা ঘামাইনি। মানুষের প্রতিক্রিয়া দেখতে আমার ভালই লেগেছে, কিন্তু তারা কেউই বুঝতে পারেনি কতখানি সময় আর শ্রম দিতে হয় এই দায়িত্ব পালনের জন্য।"
২২ ফেব্রুয়ারি বসেছিল এবারের অস্কারের আসর।
