দেহের সমালোচনা করায় ক্ষুব্ধ ইগি আজালিয়া
পাপারাজ্জির তোলা এক ছবিতে নিজের দেহ নিয়ে করা মন্তব্য মেনে নিতে পারছেন না অস্ট্রেলীয় র্যাপার ইগি আজালিয়া। ক্ষুব্ধ হয়ে তিনি ঘোষণা করেছেন, মাইক্রোব্লগিং সাইট টুইটার থেকে বিরতি নিচ্ছেন তিনি।
কন্টাক্টমিউজিক বলছে, ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি প্রেমিককে নিয়ে হাওয়াইয়ে বেড়াতে গিয়েছিলেন আজালিয়া। আর সেখানেই বিকিনি পড়া অবস্থায় তার ছবি তোলে পাপারাজ্জিরা। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে আজালিয়ার দৈহিক গঠন নিয়ে শুরু হয় মন্তব্যের পালা।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে আজালিয়া ঘোষণা দেন, কিছুদিনের জন্য টুইটার ছাড়ছেন তিনি।
২০১৪ সালে একের পর এক হিট সিঙ্গেল উপহার দেওয়ায় সঙ্গীত জগতে এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন আজালিয়া। তবে তার দৈহিক গড়ন নিয়ে বরাবরই চলেছে বিতর্ক। অস্ত্রোপচারের মাধ্যমে দেহকে আকর্ষণীয় করে তোলার গুজবও শোনা গেছে।
একাধিক সমালোচনামূলক মন্তব্য দেখার পর ক্ষুব্ধ আজালিয়া টুইট করেন, "ছুটিতে চমৎকার কিছু সময় কাটিয়ে এলাম, এখন অনলাইনে এসে দেখি একদল নিম্নরুচির মানুষ আমার দেহ নিয়ে সমালোচনা করছে। আমি কিছুদিনের জন্য টুইটার থেকে বিরতি নিচ্ছি।"
হলিউড লাইফ বলছে, প্রেমিক র্যাপার নিক ইয়ং-এর পরামর্শেই টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আজালিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন তারকার সঙ্গেও রেষারেষি হয়েছে আজালিয়ার। এর মধ্যে আছেন এমিনেম, স্নুপ ডগ এবং আজালিয়া ব্যাঙ্কস।
