আংটি বদল করলেন লেডি গাগা
অবশেষে দীর্ঘ দিনের প্রেমিক টেইলর কিনির সঙ্গে বাগদানটা সেরেই ফেললেন লেডি গাগা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের আংটি বদলের কথা প্রকাশ করেন এই মার্কিন গায়িকা।
ইন্সটাগ্রামে একটি হৃদয়াকৃতির আংটির ছবি পোস্ট করে তার শিরোনামে গাগা লেখেন, “ভালবাসা দিবসে সে আমাকে তার হৃদয় দিয়েছে, আর আমি তাকে হ্যাঁ বলেছি।”
পিপলস ম্যাগাজিন বলছে, ৩৩ বছর বয়সী অভিনেতা কিনির সঙ্গে চার বছর ধরে প্রেম করে আসছেন গাগা। কিনি এনবিসির ‘শিকাগো ফায়ার’ টিভি সিরিজে অভিনয়ের জন্য পরিচিত।
ব্যাক্তিগত জীবনে সুসংবাদের পাশাপাশি ক্যারিয়ারেও সুবাতাস বইছে ‘পোকারফেইস’ খ্যাত এই অভিনেত্রীর। এবারের গ্র্যামি আসরে টনি বেনেটের সঙ্গে নিজের অ্যালবাম ‘চিক টু চিক’-এর জন্য পুরস্কার জিতেছেন তিনি।
