২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় শেখানোর প্রতিষ্ঠান নেই: তৌসিফ

বিজ্ঞাপনের ভুবনে নাম কুড়িয়ে এখন টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন তৌসিফ মাহবুব। বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পর নবাগত অভিনেতার মনে হচ্ছে, এ প্রজন্মের অভিনয়শিল্পীদের `সমসাময়িক’ অভিনয় শেখানোর মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:10 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

সম্প্রতি আলী ফিদা একরাম তোজোর ‘ফ্যামিলি প্যাক’ ধারাবাহিকের সেটে গ্লিটজের সঙ্গে আলাপ হয় তৌসিফের। 

“আমরা যারা মডেলিং থেকে এসে নাটকে কাজ করছি, তাদের অভিনয় শেখানোর মতো প্রতিষ্ঠান নেই। টিভি নাটকের সমসাময়িক অভিনয় শেখানোর মতো কোনো প্রশিক্ষক নেই। বিভিন্ন ইনস্টিটিউটে যারা অভিনয় শেখাচ্ছেন বলছেন, তারা তো সেই ষাট বছর আগের ধ্যান-ধারণা নিয়ে বসে আছেন।”

জানালেন, কিছুদিনের মধ্যেই তিনি কলকাতা যাবেন। সেখানে অভিয়ন শেখার জন্য উপযুক্ত প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন।    

তরুণ প্রজন্মের শিল্পীদের দিয়ে সিনিয়রদের নানা মন্তব্যের জবাবে তৌসিফ বলছেন, “সিনিয়রদের অনেকে আমাকে এখনো মডেল তৌসিফ বলছেন। ব্যাপারটি আমার কাছে খুব কষ্টের। সিনিয়রদের সহযোগিতা একান্ত দরকার আমার আর আমার মতো আর সব তরুণ অভিনেতাদের।”

সেই সঙ্গে পরিচালকদের বিরুদ্ধে তুললেন একই ধাঁচের নাটক বানানোর অভিযোগ।  

“টিনএজের গল্প নিয়ে কোনো পরিচালকের নাটক যদি একটু সাড়া জাগায় তবে অন্য পরিচালকরা সেই একই টাইপের গল্প নিয়েই ভাবছেন। ভিন্নরকম চরিত্রের ব্যাপারে তারা কিন্তু ভাবছেন না। হয়তো গল্প আলাদা। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি যেসব গল্প পাচ্ছি তার অধিকাংশ বড়লোকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের। পরিচালকরাই আমাদের নিয়ে নিরীক্ষাধর্মী চরিত্র করতে পারছেন না।”

তৌসিফ বলছেন, পরিচালকরা যদি নিরীক্ষাধর্মী ও ভিন্নধর্মী চরিত্র উপস্থাপন করতে না পারেন তবে তরুণ প্রজন্মের দর্শক হারাতে হবে।

আদনান আল রাজিবের ‘অ্যাট এইটিন অলটাইম দৌঁড়ের উপর’ টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করা তৌসিফের পছন্দের কাজগুলোর মধ্যে রয়েছে ‘একজন রূপবানের গল্প’, ‘দুই অংশের শেষ একটাই’, ‘কালো মেকআপ’, ‘অভিমানিনী’, ‘ফেইসবুক ও ইতিকথা’, ‘একটি অসমাপ্ত কবিতার গল্প’।

সম্প্রুতি তিনি কাজ করছেন রেদওয়ান রনির ‘ঝালমুড়ি’, মোস্তফা কামাল রাজের ‘দোস্ত দুশমন’, কচি খন্দকারের ‘আসিতেছে দুটি মন দুটি আশা’ ধারাবাহিক তিনটিতে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরিফ রহমান নির্মিত ‘প্রজন্ম’ নামের একটি বিশেষ নাটকেও অভিনয় করেছেন।

সমসাময়িক অনেকের মতোই তৌসিফেরও লক্ষ্য সিনেমার নায়ক হবেন। তবে তার আগে নিজের অভিনয়শৈলীকে আরও শানিয়ে নিতে চান। 

“বিএফডিসির হালের সিনেমাগুলোতে আমি কাজ করতে চাই না। আমার নাটকের পরিচালকরা তিন চার বছর পর নিশ্চয়ই সিনেমা নির্মাণ করবেন। তখন আমি তাদের সঙ্গে কাজ করবো। এখন নাটকেই বেশ আছি।”