২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিরো ডিগ্রি’: শূন্যতেই শেষ

ছোট পর্দায় কৃতিত্বের পরিচয় রাখা নির্মাতা অনিমেষ আইচের নতুন সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তির আগেই সাড়া ফেলে বেশ কয়েকটি কারণে। প্রথমত, সিনেমাটির কাজ চলছিল অনেক দিন ধরে। দ্বিতীয়ত, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে মাহফুজের ফেরা। তৃতীয়ত, সিনেমার ট্রেইলার এক জমজমাট থ্রিলার সিনেমার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সাড়ে তিন ঘণ্টার বেশি দীর্ঘ সিনেমাটি দেখার ক্লান্তিকর অভিজ্ঞতার পর বলতে হয় 'জিরো ডিগ্রি'কে প্রত্যাশার পারদকে শূন্যতেই নিয়ে গেছে। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 03:19 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

কয়েকটি দিক থেকে সিনেমাটি সাহসী - এ কথা মানতেই হবে। কিন্তু সৎ সাহসের চেয়ে অহেতুক ঔদ্ধত্যই চোখে পড়ে বেশি।  সিনেমাটিকে অনেক চেষ্টা করেও 'প্রথাবিরোধী’ আখ্যা দেওয়া গেল না। কারণ, সমাজের প্রচলিত ধারণার বাইরে একচুলও এগুনোর সাহস এটি দেখায়নি। পুরুষতান্ত্রিক সমাজের পুঁজি তাড়িত মানসিকতার উৎকট চিত্রই বারবার উঠে এসেছে উন্মাদনার বেশে। চাকরিজীবি মেয়েরা ভাল মা হননা, সংগীতশিল্পীরা হন মাদকাসক্ত, নৃত্যগুরুরা হন চরিত্রহীণ আর কবিদের সঙ্গে প্রেম করলে ঠকতে হয়- এই সব স্টেরিওটাইপও প্রতিষ্ঠা করতে ব্যস্ত থাকলেন কলাকুশলীরা।

মাহফুজ আহমেদ প্রযোজিত ও অভিনীত সিনেমাটিকে বলা হচ্ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসের প্রথম সাইকোলজিকাল থ্রিলার। স্ত্রীর প্রতারণার শিকার হয়ে প্রতিশোধের নেশায় উন্মত্ত এক মধ্যবয়সী ব্যক্তি আর বারবার পুরুষের লালসা ও প্রবঞ্চনার শিকার হয়ে ঠাণ্ডা মাথার খুনিতে পরিণত হওয়া এক তরুণীর গল্প নিয়ে তৈরি এই সিনেমায় আসলেই অনেকগুলো সুযোগ ছিল স্বার্থক একটি থ্রিলারে পরিণত হওয়ার।

কিন্তু নিদারুণ অনুমেয় চিত্রনাট্য আর দুর্বল গল্পকাঠমোর কারণেই বোধহয়, চমক জাগেনি কোন পযর্ায়েই। চরিত্রগুলোর প্রতিটি পদক্ষেপই আঁচ করা যাচ্ছিল আগে থেকেই। আর তাই, থ্রিলারের প্রপঞ্চে দর্শকদের না ফেলে অতিনাটকীয়তার ভরা সিনেমাটিকে সাইকোলজিকাল মেলোড্রামা বলাটাই যুক্তিসংগত হবে।

সিনেমায় গল্পকথনের ভঙ্গিও এমন অভূতপূর্ব কিছু নয়। সরলরৈখিকের বদলে সমান্তরালে গল্পকাঠামো এগিয়ে গেলেও এক সময় একই বিন্দুতে এসে মেলে। তবে সেখানেও ব্যাখাতিত এক গোঁজামিলের কারণে নির্মাণশৈলীর অপূর্ণতাই প্রকাশ পায় আরেকবার।

ব্যাখ্যা অবশ্য পুরো সিনেমাতেই অনেক কিছুর ক্ষেত্রেই মেলেনি। মাহফুজ একজন স্বচ্ছল প্রকৌশলী। স্ত্রী রুহি ও আট বছরের ছেলেকে নিয়ে সুখেই কাটছিল যার জীবন। এর মধ্যেই ফেইসবুকে সিঙ্গাপুর প্রবাসী এক রকস্টারের সঙ্গে প্রেমে জড়িয়ে চাকরিতে বিদেশ সফরের নাম করে লাপাত্তা হন রুহি। আর সেখান থেকেই প্রথম গল্পের শুরু।

রুহির প্রতারণাকে বড় করে দেখালেও কেন স্বামী-সন্তান নিয়ে অসুখী ছিলেন তিনি - সেই ব্যাখ্যায় একেবারেই কেন যাওয়া হলো না, সে প্রশ্ন থেকেই যায়। ব্যস্ত শহুরে জীবনে স্বামীর সঙ্গ না পাওয়াটাই কী তবে একাকিত্বের দিকে ঠেলে দিয়েছিল রুহিকে? নাকি আদপেই কখনো মাহফুজকে ভালবাসতে পারেননি তিনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাকে নিতান্তই অপ্রয়োজনীয় মনে করেছেন নির্মাতা।

দ্বিতীয় গল্পটি জয়া আহসানের। সিনেমায় তার অভিনীত চরিত্রটি সোনিয়া নামের এক তরুণীর। ছোটবেলাতেই লম্পট বাবার হাতে মা কে খুন হতে দেখেছে সে। বড় হবার পর তার সৎ মা তাকে ঢাকায় পাঠিয়ে দেয় ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু অন্ধকার অতীতকে অতিক্রম করে সোনিয়া যেন মুখোমুখি হয় আরও বেশি আঁধারের। পদে পদে পুরুষের লালসার শিকার হতে হয় তাকে। ভালবাসার দেখা পেলেও শেষমেশ প্রতারণাই সঙ্গী হয় তার। সবমিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সোনিয়া। প্রতিশোধের নেশায় একের পর এক খুন করতে থাকে সে।

দুই মেরুর দুই বাসিন্দা, জয়া আর মাহফুজের দেখা হলো কিভাবে তাহলে? সিনেমার সবচেয়ে বড় গোঁজামিলটা আসলে এখানেই। আগে কোন যোগাযোগ না হলেও এক বিপদজনক পরিস্থিতি থেকে মাহফুজ কী করে জয়াকে উদ্ধার করলেন, এই প্রশ্নের কোনো সদুত্তরই দিতে পারেনি সিনেমাটি।

উত্তর মেলে না আরো কিছু জায়গায়। যেমন, প্রতিবারই কী করে যেন খোলা রাস্তায় হাটতে হাঁটতে জয়া সন্ধান পেয়ে যান তার পরবর্তী শিকারের। হিসেব মেলে না তখনও, যখন কারওয়ানবাজারে দেখানো হত্যাকাণ্ডের দৃশ্য এক লাফে ফার্মগেটে গিয়ে থামে।

তবে একটা ব্যাপার স্বীকার করতেই হবে। আর তা হলো, এই অংশে জয়া আহসানের দারুণ অভিনয়। অত্যন্ত দুর্বল চিত্রনাট্যের এই সিনেমাতে একমাত্র সোনিয়া চরিত্রটিরই সূচনা, অগ্রগতি, বিকাশ এবং পরিণতি পূর্ণাঙ্গরূপে পাওয়া গেছে। আর তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে এতটুকু কমতি ছিল না জয়ার অভিনয়ে। একইসঙ্গে মোহনীয়, অসহায় এবং প্রলয়ঙ্করী - তিন রূপেই অসামান্যা ছিলেন জয়া আহসান। বিশেষ করে তার নৃত্যগুরুকে নাচতে নাচতে খুনের দৃশ্য আর তার ধর্ষককে প্রলুব্ধ করে চেয়ারে বেঁধে পেটানোর দৃশ্য অনেকদিন মনে রাখবে দর্শক। সিনেমাজুড়ে বিভিন্ন অংশে তার বিভিন্ন ধরনের পোশাক এবং সজ্জাও ছিল মানানসই।

মাহফুজ আহমেদের অভিনীত অমিত চরিত্রটি ছিল অত্যন্ত জটিল এবং খাপছাড়া। সে অনুযায়ী নিজের সর্বোচ্চ অভিনয়টাই হয়তো দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বিশেষ ছেলের মৃত্যুতে মাহফুজের অভিব্যক্তি অভিনেতা হিসেবে তার অভিজ্ঞতারই পরিচায়ক। গল্পের আরেকটি প্রধান চরিত্র দিলরুবা ইয়াসমিন রুহীর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাননি বলেই হয়তো শেষ পর্যন্ত জমেনি তার চরিত্রটি। অমিতের প্রতারক স্ত্রী নীরার ভুমিকায় রুহীর অতি অভিনয় বিরক্তিকর। আর ‍পোশাক পরিকল্পনার অদক্ষতার কারণেই হয়তো, গোটা সিনেমাতেই একবারও রুহীকে আকর্ষণীয় মনে হয়নি কোনোভাবেই।

সিনেমার আরেকটি বিরক্তিকর বিষয় এর চিত্রগ্রহণ। কয়েকটি বিশেষ দৃশ্যের কথা বাদ দিলে পুরো সিনেমায় চিত্রগ্রহণে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। অনেকগুলো দৃশ্যেই ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে কলাকুশলীদের মাথা কাটা গেছে। কম্পোজিশনের অদক্ষতার কারণে গুরুত্বপূর্ণ দৃশ্যে ফ্রেমে ঢুকে গেছে অপ্রয়োজনীয় বস্তু। অনেকগুলো দৃশ্যে তো ফোকাসই ছিল না ঠিকঠাক।

শুরু থেকেই ‘জিরো ডিগ্রি’ সিনেমাটিকে বাণিজ্যিক ধারার সিনেমা হিসেবে প্রচার চালিয়ে আসছেন এর নির্মাতারা। বাণিজ্যিক সিনেমার মতো বিনোদন যোগাতে না পারলেও তৃপ্তি যুগিয়েছে ‘জিরো ডিগ্রি’র সংগীত। জেমস-এর গাওয়া ‘প্রেম ও ঘৃণা’ ও ‘আগুন জ্বালাও’ তো বটেই, আবিদা সুলতানার অনুমতি না নিয়ে ব্যবহার করা ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটিও দারুণভাবে কাজে লাগানো হয়েছে এই সিনেমায়। কেবল অসাধারণ কথা আর সুরের জন্যই নয়, গানগুলোর চিত্রায়নও ছিল সুন্দর এবং যথার্থ।