২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গানের ব্যাপারে সমঝোতা নয়'

সিডি কিংবা ক্যাসেট আকারে গান প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পপ তারকা মেহরিন। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়ে মেহরিন বলছেন, তিনি এখন অনলাইনেই গান প্রকাশের ব্যাপারে ভাবছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 04:07 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

মেহরিন বলেন, “অ্যালবাম প্রকাশের পর তা বিক্রি থেকে কত টাকা উঠে আসলো, তা নিয়ে সঠিক তথ্য দেয় না প্রতিষ্ঠানগুলো। অ্যালবাম প্রকাশের পর তারা একটা কথাই বলে, ‘কমার্শিয়াল ভ্যালু জিরো’। তাহলে এভাবে অ্যালবাম প্রকাশ করে শিল্পীদের কি লাভ! এদের সঙ্গে সত্যিই পেরে উঠছি না। আমরা শিল্পীরা ক্রিয়েটিভ মানুষ। এদের সঙ্গে সমঝোতা করা আমাদের সাজে না। গানের ব্যাপারে আমি তাদের সঙ্গে কখনোই সমঝোতা করতে পারব না।”

শনিবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘মেহরিন অ্যান্ড আনাড়ি’ ব্যান্ডের পরিবেশনা শেষে গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় মেহরিন এ কথা বলেন। ব্যান্ড দলটির দেড় ঘণ্টার পরিবেশনায় মেহরিন শুনিয়েছেন ‘কতবার ভেবেছিনু আপন ভুলিয়া’, ‘আই লাভ মাই ঢাকা’, ‘লাভ উইল কিপ আজ এলাইভ’, ‘তুমি আছো বলে’, ‘দম মাস্ত কালান্দার’, ‘রাজকুমার’।

এক সময়ের ব্যস্ত এই গায়িকা এখন আবার গানকে সময় দিচ্ছেন বলে জানালেন।

“ষষ্ঠ অ্যালবাম ‘তুমি আছো বলে’ প্রকাশের পর আমি নিজেকে আর পরিবারকে সময় দিতে গিয়ে গানকে হয়তো ততটা সময় দিতে পারিনি। তবে এখন আবার গান করছি। সম্প্রতি আমার গাওয়া গানগুলো অনলাইনে প্রকাশ করবো, তার প্রস্তুতি চলছে।”

মেহরিন জানালেন, ভারতীয় কম্পোজার বিক্রম ঘোষের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া গানগুলো টালিগঞ্জের সিনেমায় শোনা যেতেও পারে। আইয়ুব বাচ্চুর সঙ্গে একটি গান করার কথা চলছে বলেও জানান। সম্প্রতি ফুয়াদের কম্পোজিশনে গাইলেন নির্মিতব্য ‘সাড়ে তিন মণ’ সিনেমার জন্য।

তবে সিনেমায় সাধারণত প্লে-ব্যাক করেন না পছন্দ হয় না বলে।

“সিনেমাতে এমনিতেই কম গেয়েছি আমি। সিনেমার গীতিকারদের ক্ষেত্রে যা হয়, তাদের গানের কথা সুন্দর, সাবলীল ও হৃদয়গ্রাহী হচ্ছে না। অনেক ক্ষেত্রেই গানের কথা খুব চটুল, অশালীন। আমি এসব গান করতে চাই না। মন কখনো সায় দেয় না এসব গান গাইতে।”

তবে হালের পপ গানের চর্চা বেশ আশাবাদী তিনি।

“এখন পপ গানে ফিউশনধর্মী কাজ হচ্ছে। ক্ল্যাসিকাল, ফোক নানা ঘরানার সঙ্গে পপের ফিউশন হচ্ছে। তরুণরা উঠে আসছে। তরুণদের গানে আমি সত্যি মুগ্ধ।”

২০০০ সালে ‘আনাড়ি’ গানটি প্রকাশের পর মেহরিন আলোচনায় উঠে আসেন। তারপর একে একে প্রকাশিত হয় ‘আনাড়ি’, ‘দেখা হবে’, ‘মনে পড়ে তোমায়’, ‘ভালোবাসার গান’, ‘ডোন্ট ফরগেট মি’ এবং ‘তুমি আছো বলে’ অ্যালবামগুলো।

মেহরিন জানিয়েছেন, সংগীতবিষয়ক ওয়েবসাইট আইটিউনসে তার ২৪টি গান স্থান পেয়েছে। নিজের ব্যক্তিগত ওয়েবসাইট www.meheen.net -কে সমৃদ্ধ করতেও তার আলাদা পরিকল্পনা রয়েছে।