ভালোবেসে যদি সুখ নাহি
হিন্দি সিনেমার শতবর্ষের ইতিহাসে সেরা সুন্দরী বলে তার কথা একবাক্যে মেনে নেবেন সবাই। তিনি মধুবালা - ভালোবাসা দিবসে তার জন্ম হলেও ভালোবাসা বরাবরই ফাঁকি দিয়েছে তাকে, ফাঁকি দিয়েছে জীবনও।
তিনি যখন ছোট শিশু, সে সময় তার ভাগ্য গণনা করে এক জ্যোতিষী বলেছিলেন, এ শিশু বড় হয়ে খ্যাতি ও অর্থ পাবে কিন্তু সুখ পাবে না; আর তার মৃত্যু হবে অকালে। ছত্রিশ বছরের জীবনে অতুলনীয় জনপ্রিয়তার অধিকারী এই নায়িকা সত্যিই সুখ পাননি।
মধুবালার জন্ম ১৯৩৩ সালের ১৪ই ফেব্রুয়ারি দিল্লির এক দরিদ্র মুসলিম পরিবারে। তার নাম ছিল মমতাজ জাহান বেগম দেহলভি। তার বাবা আতাউল্লাহ খান ছিলেন পেশোয়ারের ইয়ুসুফজায়ি গোত্রের পাঠান। পরিবারটি পেশোয়ার থেকে দিল্লি এবং পরে বোম্বেতে আসে। এগারো ভাইবোনের মধ্যে পঞ্চম ছিলেন মমতাজ। মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রে পা রাখতে হয় তাকে, উপার্জনের জন্য। মধুবালার রোজগারেই চলতো সংসার। বিখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা দেবিকা রানি অসাধারণ সুন্দরী এই কিশোরীর নাম দেন মধুবালা|। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মাত্র ১৪ বছর বয়সে ১৯৪৭ সালে মুক্তি প্রাপ্ত ‘নীল কমল’ ছবিতে রাজকাপুরের বিপরীতে। ছবিটি বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। তবে তাকে বিপুল সাফল্য এনে দেয় ১৯৪৯ সালের ‘মহল’ ছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘ক্ষুধিত পাষাণ’ অবলম্বনে নির্মিত ‘মহল’ ছিল সে বছরের অন্যতম সফল ছবি।‘মহলের’ সাফল্যের পর মধুবালার জনপ্রিয়তা বাড়তে থাকে। এক এক করে মুক্তি পায় ‘দুলারি’(১৯৪৯), ‘বেকসুর’(১৯৫০), ‘তারানা’(১৯৫১), ‘বাদল’(১৯৫১) সহ বিভিন্ন ছবি। প্রতিটিই বাণিজ্যিকভাবে সফল হয়।
এই বছরগুলোতে তার আরও গোটা দশেক ছবি মুক্তি পায় যেগুলো বক্স-অফিসে ভালোই সাড়া ফেলেছিল। ১৯৫০ সালে মধুবালা অভিনীত ‘হাসতে আঁসু’ ছবিটি ছিল হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম ‘এ’রেটেড মানে প্রাপ্ত বয়সীদের ছবি।
১৯৪৯ সালে দিলীপ কুমারের বিপরীতে ‘হরসিংগার’ ছবিতে অভিনয় করেন তিনি। তার সঙ্গে দিলীপ কুমারের আলাপ হযেছিল অবশ্য আরও আগে ১৯৪৪ সালে ‘জোয়ারভাটা’ ছবির সেটে। কিন্তু তিনি তখন নিতান্তই শিশু। ‘তারানা’ ছবিতেও ছিল দিলীপ-মধুবালা জুটি। আর এ ছবিতে অভিনয় করার সময়ই তারা একে অন্যের প্রেমে পড়েন। এমনিতে সদ্য তরুণী মধুবালা তার প্রতি সহশিল্পী ও পরিচালকদের মুগ্ধতা উপভোগ করতেন। একটু আধটু ফ্লার্ট করতেও আপত্তি ছিল না তার। কিন্তু দিলীপ কুমারকে সত্যিই ভালোবেসে ফেলেন তিনি। দিলীপ কুমারও গভীরভাবে ভালোবাসেন মধুবালাকে।তারা বিয়ের কথাও ভাবতে থাকেন।
এদিকে ১৯৫৭ সালে ‘নয়া দৌড়’ ছবি নিয়ে ঘটে একটি অঘটন। এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন মধুবালা, এজন্য আগাম টাকাও নেন তার বাবা। পনের দিন শুটিংয়ে অংশ নেন তিনি। ছবির শুটিংয়ে পুরো ইউনিটের ভুপাল যাওয়া স্থির হয়। কিন্তু আতাউল্লাহ মেয়েকে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি অভিযোগ তোলেন এই ভুপাল যাওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে ছবির নায়ক দিলীপ কুমারের সঙ্গে তার মেয়েকে প্রেম করার সুযোগ করে দিতে চান পরিচালক বি আর চোপড়া।প্রযোজক ও পরিচালক বি আর চোপড়া তখন অগ্রিম টাকা ফেরত চান। তিনি ছবিটিতে মধুবালার পরিবর্তে বৈজয়ন্তিমালাকে নেন। কিন্তু টাকাও ফেরত দিলেন না আতাউল্লাহ|। বিষয়টি আদালত অবধি গড়ায়।
এদিকে দিলীপ কুমার ছিলেন এমন মানুষ যার কাছে প্রেমের চেয়ে সত্য ও নীতিবোধ ছিল বড়। আদালতে তিনি বি আর চোপড়ার পক্ষে এবং আতাউল্লাহর বিপক্ষে সাক্ষ্য দেন। বিষয়টি মধুবালার মর্মে আঘাত হানে। এদিকে দিলিপ কুমার ভাবেন, তিনি তো অন্যায় কিছু করেননি। তাই তিনি দুঃখ প্রকাশ করেননি বা ক্ষমাও চাননি প্রেমিকার কাছে। মধুবালার বোন এক স্মৃতিচারণে বলেন, একটি দুঃখপ্রকাশ দুটি জীবনকে সুখি করতে পারতো।
এই টানাপড়েনের মধ্যেই চলে ‘মুঘল-ই-আজম’ ছবির কাজ। এই ছবিটির কাজ শুরু হয়েছিল ১৯৫৩ সালে। নয় বছর ধরে চলে ছবির কাজ। এই ছবির কাজ চলার সময় মধুবালা-দিলীপ কুমারের জীবনে ভালোবাসার শ্রেষ্ঠ মুহূর্তগুলোও যেমন এসেছিল, তেমনি শেষ পর্যায়ে ভাঙ্গনের সুরও বেজে ওঠে। কে আসিফের এই ছবি শুধু মধুবালা-দিলীপ কুমারের জীবনের সেরা কাজই নয়, হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সৃষ্টিও বটে। দিলীপ কুমার-মধুবালার বাস্তব জীবনের উত্তাল প্রেম, দ্বন্দ্ব, অভিমান এবং বিচ্ছেদ পর্দায় ফুটে ওঠে সেলিম-আনারকলির প্রেম কাহিনির আড়ালে। তারা দুজন পৃথিবীকে দেখান অভিনয়ের শ্রেষ্ঠতম স্তরে কিভাবে যেতে হয় এবং কিভাবে ইতিহাসের অংশ হয়ে উঠতে হয়।
আতাউল্লাহর অর্থলোভ আর দাম্ভিক আচরণে বিরক্ত দিলীপ কুমার শর্ত দেন পরিবার ও প্রেমের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে। তাছাড়া স্টুডিওর বদ্ধ পরিবেশ মধুবালাকে অসুস্থ করে তুলতো বলে তাকে অভিনয় ছাড়তে বলেন দিলীপ কুমার। কারণ মধুবালা অসুস্থতা সত্ত্বেও শুধু পরিবারের জন্য অর্থ উপার্জনের তাগিদ থেকে অভিনয় করতেন। অভিনয় ছাড়তে চাইলেও পরিবারকে ছাড়তে রাজি হননি এই অনুগত কন্যা। গভীর অভিমানে মধুবালা সম্পর্ক ভেঙ্গে দেন। শুধু তাই নয়, তিনি প্রেমিকের উপর প্রতিশোধ নিতে কিশোর কুমারকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
‘চলতি কা নাম গাড়ি(১৯৫৮)’ ছবির শুটিংয়েই এই অনিন্দ্য সুন্দরীর প্রেমে পড়েছিলেন কিশোর কুমার।১৯৬০ সালে বিয়ে করেন তারা।
১৯৬১ সালে ‘পাসপোর্ট’, ‘ঝুমরু’, ‘বয়ফ্রেন্ড’, ১৯৬২ সালে সুপারহিট ‘হাফ টিকেট’ এবং ১৯৬৪ সালে তার অভিনীত ‘শারাবি’ মুক্তি পায়।
সংক্ষিপ্ত জীবনে তিনি সত্তরটিরও বেশি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে ‘শিরিন ফরহাদ’, ‘মহল’,‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, বারসাত কি রাত’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘অমর’, ‘বাদল’, ‘বেকসুর’, ‘তারানা’,‘হাওড়া ব্রিজ’, ‘হাফ টিকেট’ এবং অবশ্যই ‘মুঘল-ই- আজম’ অন্যতম। তার শেষ অভিনীত ছবি ‘জোয়ালা’ মুক্তি পায় ১৯৭১ সালে যদিও সেটির কাজ হয়েছিল পঞ্চাশের দশকে। তার রূপ নিয়ে যতটা আলোচনা হয়েছে অভিনয় নিয়ে ততটা না হলেও তিনি ছিলেন হিন্দি সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন।
অসুস্থ মধুবালা বাবার বাড়িতে থাকলেও কিশোর কুমার তার চিকিৎসার ব্যয় বহন করতেন। তবে তিনিও বুঝতে পারতেন তার স্ত্রী ভালোবাসেন দিলীপ কুমারকে। তাই মধুবালার সঙ্গে অনেক দিন পর পর দেখা করতেন তিনি। জীবনের শেষ দিকে মধুবালা রীতিমতো হাহাকার করেছেন ভালোবাসার জন্য। ভাঙা মন নিয়ে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি মাত্র ছত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মধুবালার বোনের মতে, যদি দিলীপ কুমারের কথামতো সে সময় অভিনয় ছেড়ে তাকে বিয়ে করতেন তিনি, তাহলে হয়তো আরও অনেক দিন বেঁচে থাকা সম্ভব হত তার পক্ষে। এদিকে দিলীপ কুমারও মধুবালাকে হারিয়ে যথেষ্ট কষ্ট পেয়েছিলেন। সহশিল্পী ও বন্ধু শাম্মী কাপুর এই মনোবেদনার কথা এক সাক্ষাৎকারে উল্লেখ করেন।
মধুবালা-দিলীপ কুমারের প্রেম পরিণয়ে রূপ পায়নি কিন্তু সেলিম-আনারকলির মতো তাদের প্রেমও শ্বাশত বিরহগাঁথায় স্মরণীয় হয়ে আছে।
