২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল ‘চিৎকার’

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক তরুণ নিজেদের কথা বলতে আর ইচ্ছামত ‘কোলাহল’ তৈরি করতে বেছে নিয়েছেন গানকে। গানের মাধ্যমেই ভালোবাসা, ক্রোধ, ঘৃণার প্রকাশও ঘটাতে চান তারা।এমনকি গানের জোরে পৃথিবীকে পাল্টে দেওয়ারও স্বপ্ন দেখেন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 01:59 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

ব্যান্ডটির জন্ম ২০০৩ সালের দিকে। মূলত পদ্ম ও অতনুর উদ্যোগে নাম দেওয়া হলো ‘চিৎকার’। এরপর রাব্বি, তুহিন, শুভ এবং সজীবের অন্তভূক্তির্।

শুরু থেকেই তাদের গানের কথা লেখার ভার নেন পদ্ম। একের পর এক গান লিখছেন তিনি, লিখছেন কবিতাও। অন্যরাও কম যায় না। ব্যান্ডের প্রত্যেকেই গান লেখেন এবং সুর করেন।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল ব্যান্ডটির কর্মকাণ্ড। পরিসর বেড়েছে পরে। নিজের ক্যাম্পাস ছেড়ে অন্য ক্যাম্পাসেও আনন্দের মুহূর্তের জন্ম দেওয়া শুরু হয়।

তারপর ধীরে ধীরে ব্যান্ডটি পা রেখেছে রেডিও, টেলিভিশনেও।

ব্যান্ড শুরুর দিন থেকেই নিজেদের গান গাইছে ব্যান্ডটি। মঞ্চে তাই অন্য এক প্রতিপত্তি গড়ে উঠেছে তাদের।

অ্যালবাম প্রকাশের দাবী উঠছিল অনেক দিন থেকেই।  কিন্তু প্রত্যাশার পারদে উর্ত্তীণ হতে আঁতুর ঘর থেকে বের হতে সময় লেগে গেল। 

দাবী জানাতে জানাতে ভক্তরা যখন মুখ ফিরিয়ে নেওয়ার পথে। ঠিক সে সময়ে ভক্তদের ফেরাতেই সম্প্রতি স্বনামেই অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে মোড়ক উন্মোচন এবং আনন্দ উদযাপনের আয়োজন অনুষ্ঠিত হয় ১১ই ফেব্রুয়ারি সন্ধ্যায়। জিসিরিজের ব্যানারে এখন অ্যালবামটি পাওয়া যাচ্ছে সারা দেশে।

অ্যালবাম প্রকাশের দিনটিকে স্মরণীয় করতে সমকালীন ও সমমনা ব্যান্ডগুলোকে আমন্ত্রণ জানাতেও ভোলেনি তারা। তাদের শুভেচ্ছা জানাতে এসেছিল, সহজিয়া, সপ্তসিন্ধু, অন্যস্বর এবং শিল্পী, কবি কফিল আহমেদ।

ব্যান্ডটিকে প্রেরণা যুগিয়ে আসছেন তিনি। আর তাই এসেছিলেন দলবল নিয়েই। ‘ক্রীতদাসী মেয়েটি’, ‘যতনে অযতনে’, ‘বানিয়েছি ডুগডুগি’ গান তিনটি পরিবেশন করলেন তিনি।

সংগঠক হিসেবে পরিচিত আহমেদ মুনীরুদ্দিন তপু, বাকী বিল্লাহ, বিপ্লব মোস্তাফিজ, ইমরান ফিরদাউস, সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু এবং জিসিরিজ কর্ণধার নাজমুল হক ভূইঁঞাসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ হতেই ভনিতা ছাড়াই গান গাইতে শুরু করলো চিৎকার। শোনালো ‘যতদূর’, ‘হাতে হাত’, ‘হাট্টিমাটিম টিম’, ‘নদীর মতো চলি’, ‘ভাঙচুরের সময়’ গানগুলো। সবগুলো গানই প্রথম অ্যালবামে স্থান পেয়েছে।

পদ্ম বললেন, “তেমন কিছু বলার নেই। আমাদের গানেই সব কথা বলা আছে। তারপরও বলতে হয়, অনেকদিন পর আমাদের অ্যালবাম বের হল, এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম।”

চিৎকার মূলত রক ব্যান্ড। সেই সঙ্গে পদ্মর বাদ্যযন্দ্র মন্দিরা, তার দরদভরা কণ্ঠ, শাস্ত্রীয় সংগীতে পারদর্শিতার নিদর্শনধারী গায়কী, শব্দের প্রতি সুবিচার করার অনুভূতি আর তার লেখা গীতিকবিতা - সব মিলিয়ে এক অনুপম অভিজ্ঞতার নাম চিৎকার। তাদের গানে স্বকীয়তা ও নতুনত্বের স্বাদ পাবেন শ্রোতারা। 

চিৎকার অ্যালবামের নয়টি গানেরই গীতিকার ও সুরকার পদ্ম। ব্যান্ডের বর্তমান লাইনআপ-- ভোকাল ও মন্দিরা: পদ্ম, গিটার: রাব্বী, সজীব, ও অতনু, বেইজ: শুভ, ড্রামস: তুহিন।

সম্প্রতি প্রকাশিত ‘রঙমিস্ত্রী’ অ্যালবামের টাইটেল ট্র্যাক, ‘শবনম’ ও ‘যতদূর চোখ যায়’ গান তিনটি শুনিয়েছে ব্যান্ড সহজিয়া।

ছিল সপ্তসিন্ধু ও অন্যস্বরের পরিবেশনাও।

সবশেষে রাব্বীর কাছ থেকে পাওয়া গেল একটা তথ্য - দ্বিতীয় ও তৃতীয় অ্যালবামের রসদ তৈরি। অ্যালবাম প্রকাশ শুধু সময়ের ব্যাপার।