মডেল থেকে 'গ্যাংস্টার' সুমন
মডেলিং-এ পসার ভালোই জমিয়েছিলেন, কিন্তু স্বপ্ন যখন নায়ক হওয়া তখন কি আর থেমে থাকলে চলে! মিলেও গেল সুযোগ। সায়েম জাফর ইমামির ‘রুদ্র দ্যা গ্যাংস্টার’ সিনেমায় 'গ্যাংস্টার'-এর ভূমিকায় আবির্ভূত হতে যাচ্ছেন সুমন।
রকস্টার হওয়ার স্বপ্ন দেখা এক তরুণের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমাতে সুমনের বিপরীতে অভিনয় করছেন প্রিয়া বিপাশা।
‘রুদ্র দ্যা গ্যাংস্টার’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে সুমন গ্লিটজকে বলেন,"এই সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রে গতানুগতিক অভিনয়ের বাহিরে একটু ব্যতিক্রমভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ ছিলো। বিশেষ করে ঘটনাচক্রে একজন ছেলের জীবনের গল্পের পট পরিবতর্নের বিষয়টা আমাকে বেশ আকৃষ্ট করেছিলো। যেখানে নিজেকে আলাদাভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছি।”
সুমন বলেন,“সম্ভবত টেলিভিশনের জন্য আগামীতে আর কোনো কাজ করা হচ্ছে না। কারন সিনেমাতে সর্ম্পূন মনোযোগ দিতে চাই। সিনেমাতে কাজের ক্ষেত্রে প্রতিটি দৃশ্যেকে সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য যে পরিশ্রম, নিষ্ঠা ও যত্ন সহকারে কাজ করা হয় তা টেলিভিশনের ক্ষেত্রে হয়না। আমার সব সময়ই লক্ষ্যই ছিলো সিনেমাতে অভিনয় করা।”
তায়কোয়ান্ডো ও মার্শাল আর্টের প্রশিক্ষন থাকলেও অ্যাকশন হিরো নয় বরং নিজেকে সর্ম্পূন আলাদাভাবে উপস্থাপন করতে চান।
ঢাকাই সিনেমাতে অভিনয়ে যারা অগ্রজ রয়েছেন তাদের নিজেদের বিনির্মান করার সময় এসেছে বলেও অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে নতুনদের কাজের ক্ষেত্রে যত্নবান হওয়ার পাশাপাশি অগ্রজদের সম্মান দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
