২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব-অমিতের ‘বদলে’ দেওয়ার অঙ্গীকার

চলচ্চিত্র শিল্পীদের জন্য নতুন সব কর্মসূচির আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শাকিব হাসান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 03:16 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

পুরনো খবর:

শাকিব খানের নিরঙ্কুশ জয়

রোববার বিএফডিসিতে নির্বাচন পরবর্তী এক সাধারণ সভায় সাংবাদিকদের তারা বলেন সমিতির চেহারা পাল্টে দেবেন।

দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত শাকিব খান বলছেন, “শিল্পীরা আমার ওপর আস্থা রেখেছেন। গত মেয়াদে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট বলেই সভাপতি পদে আবারও আমাকে নির্বাচিত করেছেন। আমি আমার সিনিয়র, জুনিয়র ও সমসাময়িক শিল্পীদের উন্নয়নের জন্য আরও সচেষ্ট হবো।”

শাকিব জানিয়েছেন, শিল্পীদের উন্নয়নে তিনি এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা করেছেন। তবে সেই পরিকল্পনা নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না।

নির্বাচন চলাকালীন তাদের বিরুদ্ধে আনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়ে শাকিব বলেন, “এসব প্রতিপক্ষের অপপ্রচার । তারা তো নানাভাবে আমাদের খুঁত ধরবেই।” 
সম্প্রতি চলচ্চিত্রাঙ্গনে অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের সঙ্গে পরিচালক-প্রযোজকদের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে গ্লিটজের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, “ শিল্পীরা এসব বিষয়ে কখনও শিল্পী সমিতিতে অভিযোগ করে না।  করলে তো আমরা পদক্ষেপ নিতাম।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এছাড়া বিষয়টি অনেক ক্ষেত্রেই তাদের ব্যক্তিগত ব্যাপার। তখন আমাদের শিল্পী সমিতির কোনো দায় নেই। ”

সাধারণ সম্পাদক অমিত হাসান কলাকুশলীদের পারিশ্রমিকের ব্যাপারটি নিয়ে কাজ করবেন বলে জানালেন।

“অভিনেতা-অভিনেত্রীদের বাইরে অন্যান্য কলাকুশলীরা নিতান্তই কম পারিশ্রমিক পাচ্ছেন। বিশেষ করে আমাদের ফাইট ডিরেক্টররা একেবারেই কম পারিশ্রমিক পাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।  আমরা শিল্পীদের পারিশ্রমিকের বিষয়টি নিয়েও কাজ করতে চাই।”

সাধারণ সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ওমর সানি, নাদির খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সানু শিবা।

শুক্রবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।  শাকিব খান-মিশা সওদাগর প্যানেলের মুখোমুখি হয়েছিলেন আহমেদ শরীফ-আমির সিরাজী প্যানেল। নির্বাচনে শরীফ প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হয়েছে শাকিব প্যানেল।

তবে শাকিব প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী মিশা সওদাগর হেরে গেছেন স্বতন্ত্র অমিত হাসানের কাছে।