২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চরিত্রই মুখ্য: ইরেশ যাকের

তারকা বাবা-মায়ের সন্তান হয়েও নিজ গুণে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন অভিনেতা ইরেশ যাকের। সম্প্রতি এক সিরিজ বিজ্ঞাপনে নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি বেশ সাড়া ফেলেছে। নাটক, বিজ্ঞাপন ছাড়িয়ে নিয়মিত হয়ে উঠছেন চলচ্চিত্রেও। অভিনয় করেছেন ‘ছুঁয়ে দিল মন’ এবং ‘জিরো ডিগ্রি’ সিনেমাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 02:05 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠতে চাওয়া ইরেশকে শুরুতেই দেখা গেছে খলচরিত্রে। তবে চরিত্র ভালো না মন্দ তা নিয়ে মোটেও ভাবেন না ইরেশ। তার কাছে চরিত্রই মুখ্য।

“অভিনয়ের ক্ষেত্রে কোনো চরিত্রের উপর আমার বিশেষ কোনো আর্কষণ নেই। কোনো মানুষই একদম নেগেটিভ কিংবা একদম পজেটিভ নয়। যে কোনো বিশেষ চরিত্রই ফুটিয়ে তোলা কঠিন। তবে আমি বলতে চাই, সিনেমার চরিত্র ভালো কিংবা খারাপ, সেটা মুখ্য ব্যাপার নয়। আমার কাছে চরিত্রটিই গুরুত্বপূর্ণ।”  

ইরেশ মনে করছেন, এখন টেলিভিশন নাটকের ব্যাপারটাই এখন এমন হয়ে গেছে যে কেউ তার মেধাকে ‘সঠিকভাবে’ খাটাতে চায় না।

বললেন, “এখন যারা অভিনয় করছে তারা মাসের ৩০ দিনই ব্যস্ত থাকছে। এখন সে ধরনের প্রশিক্ষণের বন্দোবস্ত ও টিমওয়ার্কও নেই। নাটকে অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের মধ্যে প্রবেশ করতে পারছে না বলে কাজের মান পড়ে যাচ্ছে।”

তবে তরুণ নাট্য নির্মাতাদের নিয়ে আশাবাদী ইরেশ বলেন, “এই নতুন প্রজন্মের মধ্যে যে মেধা রয়েছে আমরা যদি তার সঠিক মূল্যায়ন করতে পারি এবং তাদেরকে ভালো কাজ করার সুযোগ দেই তাহলে অবশ্যই তাদের মধ্য থেকে অনেকেই বেরিয়ে আসবে।  ”

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত ইরেশ বলছেন, “অনুষ্ঠানের মান ঠিক রাখার জন্য একটা চাপের প্রয়োজন। সাধারণত চ্যানেলের সংখ্যা বাড়লে অনুষ্ঠানের মানোন্নয়ন হয়। কিন্তু কী হলো, আমাদের চ্যানেলগুলোতে বছর বছর অনুষ্ঠানের মান আরও কমছে।”

‘বাতাসের খাঁচাগুলো’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ইরেশ যাকের অভিনয় করেছেন আড়াইশোরও বেশি নাটকে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।