২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার দৌড়ে এগিয়ে 'বার্ডম্যান' এবং 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'

সেরা সিনেমা এবং সেরা পরিচালকসহ নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে এবারের অস্কার দৌড়ে এগিয়ে আছে ‘বার্ডম্যান’ এবং ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। সেরাদের কাতারে আরও আছে অ্যাওয়ার্ড আসরগুলোতে পছন্দের শীর্ষে থাকা সিনেমা ‘বয়হুড’, ‘দ্য ইমিটেশন গেইম’ এবং ‘আমেরিকান স্নাইপার’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 12:36 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

গত সপ্তাহে সেরা ড্রামা মুভির গোল্ডেন গ্লোব পেয়ে অস্কারেও ছয়টি বিভাগে মনোনীত হয়েছে ‘বয়হুড’। ব্রিটিশ বায়োপিক ‘দ্য ইমিটেশন গেইম’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এছাড়া সেরা সিনেমাসহ মোট আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

সবাইকে অবাক করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্র্যাডলি কুপার, ‘আমেরিকান স্নাইপার’-এর জন্য। ক্লিন্ট ইস্টউড পরিচালিত এই সিনেমাটির ঝুলিতে জমেছে মোট ছয়টি বিভাগে মনোনয়ন, সেরা সিনেমা হিসেবেও মনোনীত হয়েছে ‘আমেরিকান স্নাইপার’।

মোট দশটি সিনেমাকে মনোনীত করার সুযোগ থাকলেও এ বছর অস্কারের জন্য লড়বে শুধুমাত্র আটটি সিনেমা। এর মধ্যে আরও আছে - ‘সেলমা’, ‘দ্য থিওরি অফ এভরিথিং’ এবং ‘হুইপল্যাশ’।    

সেরা পরিচালক

‘বার্ডম্যান’- এর জন্য এ বছর মনোনীত হয়েছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু। এছাড়া আছেন ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’-এর ওয়েস অ্যান্ডারসন, ‘বয়হুড’-এর রিচার্ড লিঙ্কলেটার, ‘ফক্সক্যাচার’-এর বেনেট মিলার এবং মরটেন টিল্ডাম, ‘দ্য ইমিটেশন গেইম’-এর জন্য।

সেরা অভিনেতা

‘বার্ডম্যান’-এর মাইকেল কিটনের সঙ্গে এই বিভাগে লড়তে দেখা যাবে ‘দ্য থিওরি অফ এভরিথিং’-এর এডি রেডমেইন, ‘ফক্সক্যাচার’-এর স্টিভ ক্যারেল, 'দ্য ইমিটেশন গেইম' - এর বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং 'আমেরিকান স্নাইপার'-এর জন্য ব্র্যাডলি কুপারকে।

সেরা অভিনেত্রী

‘দ্য থিওরি অফ এভরিথিং’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন ফেলিসিটি জোন্স। তার প্রতিযোগিতা হবে ‘গন গার্ল’ খ্যাত রোজামুন্ড পাইকের সঙ্গে। আরও থাকবেন রিজ উইদারস্পুন (দ্য ওয়াইল্ড), জুলিয়ান মুর (স্টিল আইস) এবং ম্যারিয়ন কোটিলার্ড (টু ডেইজ, ওয়ান নাইট)।

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা

‘হুইপল্যাশ’-এর জন্য জে কে সিমনস, ‘বার্ডম্যান’-এর এডওয়ার্ড নরটন, ‘ফক্সক্যচার’-এর মার্ক রাফালো, ‘বয়হুড’- এর ইথান হক এবং ‘দ্য জাজ’ খ্যাত রবার্ট ডুভাল লড়বেন এই বিভাগে। 

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন মেরিল স্ট্রিপ, তার সিনেমা ‘ইনটু দ্য উডস’-এর জন্য। ‘দ্য ইমিটেশন গেইম’-এ অভিনয় করে অস্কারবোদ্ধাদের নজরে এসেছেন কিরা নাইটলি। এছাড়া থাকছেন ‘বয়হুড’ খ্যাত প্যাট্রিসিয়া আরকেতে, ‘বার্ডম্যান’-এর এমা স্টোন এবং ‘দ্য ওয়াইল্ড’-এর লরা ডার্ন।

সেরা মৌলিক চিত্রনাট্য

সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘বার্ডম্যান’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘ফক্সক্যাচার’ এবং ‘বয়হুড’ ছাড়া স্থান পেয়েছে ‘নাইটক্রলার’।

সেরা অ্যানিমেটেড ফিল্ম

অ্যানিমেটেড ফিল্ম বিভাগে বিভাগে মনোনীত হয়েছে ‘বিগ হিরো সিক্স’, ‘দ্য বক্সট্রলস’, ‘হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’, ‘সং অফ দ্য সি’ এবং ‘টেল অফ প্রিন্সেস কাগুয়া’।

সেরা বিদেশি সিনেমা

বিদেশি সিনেমা বিভাগে এ বছর লড়ছে পোল্যান্ডের ‘আইডা’, রাশিয়ার ‘লেভিয়াথান’, আর্জেন্টিনার ‘ওয়াইল্ড টেলস’, এস্তোনিয়ার ‘ট্যাঞ্জেরিন্স’ এবং মৌরিতানিয়ার ‘টিম্বাক্টু’।