২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিদ-প্রিয়াঙ্কার বাজিমাত

২১তম স্ক্রিন অ্যাওয়ার্ডসের রাতে বাজিমাত করলেন শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া। ভিশাল ভারাদওয়াজের ‘হায়দার’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার বাগিয়ে নিয়েছেন। আর প্রিয়াঙ্কা ছিনিয়ে নিয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর ছায়া অবলম্বনে নির্মিত ‘হায়দার’-এ নাম ভূমিকায় অভিনয় করে শাহিদ কাপুর অর্জন করেছেন সেরা অভিনেতার খেতাব। এছাড়াও লাইফ ওকে পুরস্কারসহ সিনেমায় তার মায়ের ভূমিকায় অভিনয় করা টাবুর সঙ্গে জিতে নিয়েছেন সেরা জুটির পুরস্কার। ‘আঁখো দেখি’ সিনেমার সিমা ফাওয়ার সঙ্গে যৌথভাবে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন টাবু।

‘মেরি কম’ সিনেমায় ভারতের অলিম্পিক পদকজয়ী মুষ্টিযোদ্ধা মেরি কমের চরিত্রে অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘হাইওয়ে’ সিনেমার জন্য লাইফ ওকে অ্যাওয়ার্ড জিতেছেন আলিয়া ভাট।  

তবে আসরের সেরা সিনেমার খেতাবটি গেছে ‘কুইন’-এর ঝুলিতে। শুধু তাই নয় এই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারটিও বাগিয়ে নিয়েছেন ভিকাস বেহেল। এছাড়াও সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন ববি সিং।

জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শাহরুখ খান এবং দিপিকা পাড়ুকোন, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটির জন্য। আমির খান অভিনীত ‘পিকে’র ঝুলিতে গেছে সেরা সংলাপ এবং সেরা পোশাকের পুরস্কার। অন্যদিকে সালমান খান অভিনীত ‘কিক’-এর কপালে জুটেছে কেবল একটি পুরস্কার, সেরা নৃত্যপরিচালনার আর সেটি জিতেছেন আহমেদ খান 'জুম্মে কি রাত' গানটির জন্য। 

‘হিরোপান্তি’র জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন টাইগার শ্রফ। সমালোচকদের কাছে প্রশংসা পাওয়া ‘সিটি লাইটস’-এর জন্য নবাগতা অভিনেত্রী হিসেবে সেরার পুরস্কার পেয়েছেন পত্রলেখা।

‘এক ভিলেইন’-এর জন্য সেরা সংগীত পরিচালনার পুরস্কার ঘরে তুলেছেন মিঠুন এবং অংকিত তিওয়ারি। ‘সিটি লাইটস’ সিনেমার ‘মুসকুরানে কি ওয়াজাহ’ গানের জন্য সেরা পুরুষ প্লেব্যাক শিল্পীর পুরষ্কার পেয়েছেন অরিজিত সিং। ‘হাইওয়ে’ সিনেমার ‘পাটাখা গুড্ডি’র জন্য জ্যোতি এবং সুলতানা নুরান জিতেছেন সেরা নারী প্লেব্যাক শিল্পীর খেতাব।

এছাড়া তিনটি পুরস্কার জিতে নিয়েছে ‘ফিল্মিস্তান’ সিনেমাটি। পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা হিসেবে পুরষ্কৃত হয়েছেন ইনাম উল হক। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন নিতিন কাক্কার। আর শারিব হাশমি পুরস্কৃত হয়েছেন সেরা কৌতুকাভিনেতা হিসেবে।

‘মারদানি’র জন্য খল-চরিত্রে সেরা পুরুষ অভিনেতার পুরস্কারটি বাগিয়েছেন নবাগত তাহির রাজ ভাসিন। এই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন হুমা কুরেশি, ‘দেড় ইশকিয়া’ সিনেমার জন্য।