ভারতে ‘বৃহন্নলা’
ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে মুরাদ পারভেজ পরিচালিত সিনেমা ‘বৃহন্নলা’। অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা এবং দিলারা জামান।
ড্রামা ধাঁচের এই সিনেমাতে উঠে এসেছে বাংলাদেশের গ্রামীণ রাজনীতির নানা দিক। সিনেমাটি নির্মিত হয়েছে সরকারী অনুদানে।
এর আগে সিঙ্গাপুরের দর্পণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক মুরাদ।
‘বৃহন্নলা’র মাধ্যমে আট বছর পর আবার জুটি বেঁধেছেন ফেরদৌস ও সাবা, এর আগে তাদের দেখা গেছে ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘আয়না’য়।
‘বৃহন্নলা’য় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও পোশাক পরিকল্পক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহানা সাবা। সিনেমাটি প্রযোজনায় সহায়তা করেছে এটিএন বাংলা।
সিনেমাটি দেশব্যাপী মুক্তি পায় গত বছরের ১৯শে সেপ্টেম্বর।
মুরাদ ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে ‘দৌড়’ নাটকের মাধ্যমে। এরপর ২০০৮ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘চন্দ্রগ্রহণ’। সিনেমাটি সে বছর সাতটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল।
