২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছর পর ফেরদৌস-সাবা

আট বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ফেরদৌস ও সোহানা সাবাকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘আয়না’ সিনেমার পর তারা জুটি বেঁধেছেন মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে। সিনেমাটি ১৯শে সেপ্টেম্বর, শুক্রবার মুক্তি পাচ্ছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 07:11 PM

Updated : 13 Oct 2022, 12:35 PM

পুরনো খবর:

সিঙ্গাপুরে ‘বৃহন্নলা’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মুরাদের দ্বিতীয় সিনেমা এটি। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী মুরাদ জানিয়েছেন, প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড এবং রাজশাহীর পূরবী ও ময়মনসিংহের মণিহার সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহ থেকে আরও বেশ কয়েকটি হলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি গ্রামীন রাজনীতির নানা দিক তুলে ধরে। সিনেমাতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস। সাবা অভিনয় করেছেন দুর্গা চরিত্রে। অভিনয়ের পাশাপাশি সাবা সিনেমার নির্বাহী প্রযোজক এবং কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন।

‘বৃহন্নলা’র অডিও প্রকাশনা অনুষ্ঠানে সাবা জানিয়েছিলেন, সিনেমাটি শুরু করার পর আর্থিক টানাপড়েনে সিনেমার কাজ বন্ধের উপক্রম হয়েছিল। সরকারি অনুদান যথেষ্ট ছিল না। এমনকি এক পযর্ায়ে বাস্তবের দম্পতি মুরাদ-সাবা নিজেদের বাড়ি, গাড়ি বিক্রির উদ্যোগ নেন। পরে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটিএন। 

সাবা গ্লিটজকে জানান, “গ্রামীণ পটভূমিকায় নির্মিত সিনেমাটি আমার অভিনীত আগের সব সিনেমা থেকে একদম আলাদা। দুর্গা চরিত্রের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ নারীর কথা বলা হয়েছে, অন্যদিকে সব শৃঙ্খল ভেঙ্গে নারীর প্রতিবাদী রূপটিও তুলে ধরা হয়েছে। পরিচালক প্রতিটি চরিত্রকেই সমান গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন।”

অডিও প্রকাশনা উৎসবে ফেরদৌস গ্লিটজকে বলেন, “মুরাদের ‘বৃহন্নলা’ সিনেমাটি তথাকথিত বাণিজ্যিক ধাঁচের নয় বটে, কিন্তু গ্রাম্য রাজনীতির কথা নিয়ে এমন সিনেমা বাংলা সিনেমাতে খুব কমই হয়েছে। রাজনীতিনির্ভর হলেও সিনেমাতে রোমান্টিসিজমের কমতি নেই।”

এদিকে সিনেমাটি নিয়ে সিঙ্গাপুরের দর্পন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা ছিল মুরাদের। কিন্তু আয়োজকরা সেপ্টেম্বর মাসে এই উৎসবটি করছেন না বলে জানিয়ে দিয়েছেন। উৎসবটি শুরু হবে ২৮শে অক্টোবর। এ উৎসব ছাড়াও ‘বৃহন্নলা’ সিনেমাটি নিয়ে আরও কয়েকটি উৎসবে অংশগ্রহণের কথা রয়েছে মুরাদের।

‘বৃহন্নলা’র পাশাপাশি ফেরদৌস এখন ‘এক কাপ চা’, ‘শুন্য হৃদয়’ এবং ‘লিডার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত।