২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’

সত্যি ঘটনা অবলম্বনে অনন্য মামুন নির্মাণ করছেন তার পঞ্চম সিনেমা ‘ভালোবাসার গল্প’।রোমান্টিক এই সিনেমায় আনিসুর রহমান মিলনের বিপরীতে থাকছেন নবাগতা মুনিয়া আফরিন সাদিয়া  এবং তানিয়া রহমান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 02:19 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

আবারও যৌথ প্রযোজনার ছবি
সিনেমা যৌথ প্রযোজনার, নায়ক-নায়িকা টালিগঞ্জের

সম্প্রতি সিনেমাটি নিয়ে আয়োজিত এক আড্ডায় গ্লিটজের সঙ্গে কথা হল পরিচালক ও দুই নবাগতার।

মামুন জানালেন, তার স্কুলবেলার এক বন্ধুর প্রেমকাহিনিকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলছেন।সিনেমাটির গল্প তিনিই লিখেছেন।

অনন্য মামুন গ্লিটজকে বলেন, “নিখাদ প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে আমার প্রেমের সিনেমাটি।নরনারীর প্রেমে পড়া, সম্পর্কের টানাপড়েন, মোহ, আবেগ-অনুভূতি ও বিচ্ছেদ - সবকিছুই থাকছে এই গল্পে। প্রেমের সিনেমাটি দেখে  দর্শক মনে করবে, এ তাদের গল্প। ”

মামুনের দাবি, সিনেমাটির গল্প এতই ‘হৃদয়স্পর্শী’ যে দর্শক সিনেমাটি দেখে চোখের জল ধরে রাখতে পারবে না।  তিনি বলছেন , “আমি সিনেমাটির মাধ্যমে একটি বার্তা দিতে চাই। তা হলো, ভালোবাসতে আসলে মন লাগে।  অর্থ-প্রতিপত্তি কিংবা শ্রেণী বৈষম্য কখনও ভালোবাসার নিয়ামক হতে পারে না ।”

মামুন তার নতুন সিনেমাতে সুযোগ দিয়েছেন সাদিয়া ও তানিয়ার মতো আনকোরা দুই মুখকে যাদের মিডিয়াতে কাজের কোনো অভিজ্ঞতা নেই। 

“গল্পের প্রয়োজনে আমার নতুন মুখ দরকার ছিল।  একই কারণে প্রতিষ্ঠিত তারকাদের কাউকে আমি এই সিনেমাতে নিতে চাইনি।”

সাদিয়া বললেন, “আমার অভিনয়ের কোনো প্রস্তুতি নেই সত্যি। কিন্তু পরিচালকের সহযোগিতায়  এতদিনে অভিনয়ের খুঁটিনাটি জানতে পেরেছি। নিজেকে তৈরি করছি আমি। আমি সিনেমাতে থাকতেই এসেছি। “

অন্যদিকে তানিয়ার ঘোর কাটেনি এখনও। বললেন, ‘কখনো ভাবি নি চলচ্চিত্রের নায়িকা হব। এ যেন স্বপ্নের মতো!”

যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নিয়ে পরিচালক সমিতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সমিতির সদস্যপদ হারিয়েছেন মামুন।  কিন্তু এরপরও দুটি সিনেমা নির্মাণ করছেন।  ববি হক- আনিসুর রহমান মিলন - মৌসুমী হামিদকে নিয়ে তার সিনেমা ‘ব্ল্যাকমেইল’ এর শুটিং শেষের দিকে।   এছাড়া  ভারতের হিরণ, ঋত্বিকা ও বাংলাদেশের দীপালী আক্তার তানিয়াকে নিয়ে তিনি শুরু করেছেন ‘তোর জন্য মন দিওয়ানা’ সিনেমার শুটিং।

মামুন বলছেন, “পরিচালক সমিতির সদস্যপদ আমি ফিরে পাবো বলেই আশা করছি।”

মামুনের নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে ।