বড় পর্দায় শচিন টেন্ডুলকার
ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার হয়তো সেলুলয়েডে নতুন ইনিংস শুরু করতে পারেন শচিন টেন্ডুলকার। শোনা যাচ্ছে তার জীবনের ওপর নির্মিত হবে একটি সিনেমা, আর সেখানে অভিনয় করবেন শচিন নিজেই।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, শুধুমাত্র অভিনয়ই নয়, পরিচালনার ক্ষেত্রেও খানিকটা সাহায্য করবেন শচিন। সিনেমাটি নির্মিত হবে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কিছু অধ্যায় নিয়ে।
শচিনকে নিয়ে এই বায়োপিক নির্মাণ করবেন ব্রিটিশ পরিচালক জেমস এরস্কিন। সিনেমাটির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে, আর নিজের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন শচিন।
সিনেমাটি প্রযোজনা করবে মুম্বাইভিত্তিক কোম্পানি টু হান্ড্রেড নট আউট। কোম্পানির প্রধান রাভি ভাগচান্ডকা জানান, বিশ্বব্যাপী ২০০ সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি।
২০১৩ সালে নিজের ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন শচিন। গত বছর মুক্তি পেয়েছে তার বায়োগ্রাফি 'প্লেয়িং ইট মাই ওয়ে'।
