২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসবির বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাড়ছেই

মার্কিন অভিনেতা বিল কসবির বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন আরও তিন নারী। প্রত্যেকেরই দাবী, আশি এবং নব্বইয়ের দশকে তাদের সবাইকে একই কায়দায় যৌন হয়রানি করেছেন এই অভিনেতা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 03:59 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে কসবির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন লিন্ডা ক্রিকপ্যাট্রিক এবং লিন নিল। 

লিন্ডা ক্রিকপ্যাট্রিক জানান, কসবির সঙ্গে একটি হোটেলের পার্টিতে অংশ নেওয়ার সময় তার দেওয়া পানীয় গ্রহন করে অচেতন হয়ে পড়েন তিনি। ওদিকে লিন নিল জানান, কসবির সঙ্গে নৈশভোজের সময় এক পেগ ভদকা খাওয়ার পর অজ্ঞান হয়ে যান তিনি।

দুজনেরই দাবী, চেতনা ফিরে পাবার পর তারা আবিষ্কার করেন, কসবি তাদের সঙ্গে যৌনাচারে লিপ্ত।

তৃতীয় অভিযোগটি এসেছে কেইসি নামের একজনের কাছ থেকে, যিনি একসময় কাজ করতেন কসবির প্রতিষ্ঠানে। তার দাবি কসবির দেওয়া একটি বড়ি সেবন করে লস এঞ্জেলসের এক হোটেলে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরে পাওয়ার পর কেইসি নিজেকে বিছানায় শায়িত এবং তার পাশে কসবিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আবিষ্কার করেন। 

এ নিয়ে ২০ জনেরও বেশি নারী কসবির বিরূদ্ধে অভিযোগ আনলেন যৌন হয়রানির। প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোন মাদকের সাহায্যে এই নারীদের চেতনা লোপ করা হয়েছিল এবং পরে তাদেরকে যৌন হয়রানি করা হয়।

তবে কোনো অভিযোগেই কসবি সাজা পাবেন না, কারণ প্রতিটি ক্ষেত্রেই অপরাধের সময়সীমা অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে।

এর আগে ২০০৯ সালে কসবির বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন টেম্পল ইউনিভার্সিটির একজন পরিচালক। এছাড়া কিছুদিন আগেই এক অভিনেত্রী কসবির বিরূদ্ধে অভিযোগ আনেন ধর্ষণের।

৭৭ বছর বয়সী কসবি এবং তার পরিবার অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। কসবির টিভি অনুষ্ঠান ‘দ্য কসবি শো’-এর সহ-অভিনেত্রী ফেলিসিয়া রাশাডও এসব অভিযোগকে ভিত্তিহীন দাবী করে বলেছেন এগুলো করা হচ্ছে তার ভাবমূর্তীকে ক্ষূন্ন করার জন্য।

ষাট, সত্তর এবং আশির দশকের কৌতুকাভিনেতা কসবি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত চলা ‘দ্য কসবি শো’-এর মাধ্যমে। প্রতি সপ্তাহে তার এই অনুষ্ঠানের দর্শক ছিল সাত কোটিরও বেশি।