আইজিসিতে হাবিবের গানের আসর
নতুন বছরকে বরণ করে নিতে ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সংস্কৃতি চর্চা কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে বসছে হাবিব ওয়াহিদের গানের আসর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় হাবিব মঞ্চে উঠবেন বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
বর্ষীয়ান শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি আত্মপ্রকাশ করেন ‘কৃষ্ণ’ নামে অডিও অ্যালবামের সংগীতায়োজনের মাধ্যমে।
২০০৪ সালে বের হয়, তার গাওয়া গান নিয়ে প্রথম অ্যালবাম ‘মায়া’। পরবর্তীতে আরও পাঁচটি অ্যালবাম বেরিয়েছে তার। এছাড়াও তার সংগীত পরিচালনায় বেশ কয়েকটি চলচ্চিত্রের গান জনপ্রিয়তা পেয়েছে। তার কণ্ঠ ও সুরের গান ব্যবহৃত হয়েছে ভারতীয় বাংলা চলচ্চিত্রেও।
ছবি: ফেইসবুক।
