প্রেম করছেন আলিয়া-সিদ্ধার্থ?
একসঙ্গে ক্যারিয়ার শুরু করেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, বন্ধুত্বের শুরুটাও ওখান থেকেই। কিন্তু এখন মনে হচ্ছে, বন্ধুত্বের জল আরও বেশ কিছু দূর গড়িয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের এক বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায়। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন আলিয়া-সিদ্ধার্থ। অনেকেই ভাবছেন, কাজের ফাঁকে ছুটি কাটিয়ে এসেছেন এই তারকা জুটি।
তবে নিজেদের প্রেমের ব্যাপারে মুখ খুলতে রাজি নন তারা। যদিও কারান জোহারের সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ কারান’ - এ অংশ নিয়ে আলিয়া বলেছিলেন, সহশিল্পি ভারুন ধাওয়ান প্রেমিক হিসেবে ভালো হতে পারেন তবে স্বামী হিসেবে সিদ্ধার্থ হবেন সেরা।
গত বছর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র প্রচারণার সময় আলিয়া বলেছিলেন, "আমি গত দুই বছর ধরে কারও সঙ্গে প্রেম করছি না, আমি এখন পুরোপুরি একাই আছি।"
ক্যারিয়ারের শুরু থেকেই আলিয়ার সঙ্গে জুড়ছে নতুন প্রজন্মের নায়কদের নাম। ভারুন ধাওয়ান থেকে শুরু করে অর্জুন কাপুর, সহশিল্পিদের সবার সঙ্গেই প্রেমের গুজব ছড়িয়েছে আলিয়ার। কিন্তু বরাবরই সেসব কানে তোলেননি ‘হাইওয়ে’ তারকা।
