২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুশান্তকে অংকিতার হ্যাঁ

নিজের ক্যারিয়ার গোছানোর পাশাপাশি সংসারী হবার পরিকল্পনাও হাতে নিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সিনেপাড়ায় গুঞ্জন, চলতি বছরের মাঝামাঝিই বিয়ের কাজটি সেরে ফেলবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, নতুন বছরের শুরুতেই নাকি প্রেমিকা অংকিতা লোখান্ডেকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন সুশান্ত, আর হ্যাঁ বলতেও দেরি করেননি অংকিতা।

এক সূত্র বলছে, দুবাই ভ্রমণে গিয়েছিলেন এই জুটি। সেখানে অংকিতার জন্মদিন পালন করেন দুজন। আর তখনই বিয়ের প্রস্তাব দেন সুশান্ত।

আর গুঞ্জন সত্যি হলে, চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন তারা।

সূত্রটি আরও জানায়, শুধুমাত্র নিজেদের ব্যস্ত শিডিউলের কারণেই বিয়ের কাজটি সারতে পারছিলেন না সুশান্ত-অংকিতা। কিন্তু টেলিভিশন সিরিয়াল ‘পবিত্র রিশতা’র শুটিং শেষ হবার পর এখন অংকিতার হাতে আছে অবসর।

অপরদিকে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশি’ সিনেমার কাজ মাত্র শেষ করেছেন সুশান্ত। আপাতত নিজের জন্য কিছুটা সময় করে নিতে পারবেন তিনি। এরপর শুরু হবে তিনটি সিনেমার কাজ—‘ধোনি’, ‘পানি’ এবং নির্মাতা হোমি আদাজানিয়ার নাম ঠিক না হওয়া নতুন সিনেমা।

ভবিষ্যতে ব্যস্ততা আরও বাড়বে এই জুটির। তাই এ বছরের মাঝামাঝিই বিয়ে করতে চান তারা।

দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করছেন সুশান্ত-অংকিতা। তাই বিয়েকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছেন সুশান্ত।

সূত্রটি জানিয়েছে, দুই ভাগে বিয়ের অনুষ্ঠান হবে এই জুটির, দিল্লিতে সুশান্তের পরিবারের সঙ্গে এবং ইন্দোরে অংকিতার পরিবার নিয়ে। সব মিলিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান করবেন তারা।

‘পবিত্র রিশতা’র সেটে পরিচয় হয় সুশান্ত-অংকিতার। ২০০৯ সাল থেকে প্রেম করছেন তারা।