পেঙ্গুইনস অফ মাদাগাস্কার: নতুনত্বহীন
পেঙ্গুইন - বরফরাজ্যের এই আদুরে বাসিন্দাদের দেখলেই মন ভালো হয়ে যায়। কিন্তু এরাই যদি হয় দুর্ধর্ষ গুপ্তচর, কেমন হবে তখন?
অ্যানিমেটেড মুভি সিরিজ ‘মাদাগাস্কার’-এর তৃতীয় পর্বের পর আলাদাভাবে পর্দায় আসার সুযোগ পেয়েছে সিরিজটির চার পেঙ্গুইন চরিত্র—স্কিপার, কোয়ালস্কি, রিকো এবং প্রাইভেট। তাদের চারজনের দুঃসাহসিক অভিযান নিয়ে গড়ে উঠেছে ‘পেঙ্গুইনস অফ মাদাগাস্কার’-এর কাহিনি।
সিনেমার শুরু অ্যান্টার্কটিকা মহাদেশের এক পেঙ্গুইন উপনিবেশ থেকে, যেখানেই বাস করতো স্কিপার, কোয়ালস্কি এবং রিকো। মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া এক পেঙ্গুইনের ডিমকে বাঁচাতে গিয়ে তারা আবিষ্কার করে, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। আর তখনই গল্পে আবির্ভাব ঘটে সবচেয়ে আদুরে পেঙ্গুইন প্রাইভেটের।
স্কিপার, কোয়ালস্কি, রিকো এবং প্রাইভেট চলে আসায় অবহেলিত ডেভ সারাদিন বসে থাকে আক্যুয়ারিয়ামের এক কোণায়। একদিন তাকে চিড়িয়াখানা থেকে বাতিল ঘোষণা করা হয়। আর তখন তার সব রাগ গিয়ে পড়ে পেঙ্গুইনদের ওপর।
ডেভ ঠিক করে প্রতিশোধ নেবে, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে পেঙ্গুইন প্রজাতিকে। ডেভের এই ভয়ঙ্কর পরিকল্পনা কি বানচাল করতে পারবে স্কিপার এবং তার বন্ধুরা?
মাত্র ৯২ মিনিটের সিনেমায় গল্প এগিয়েছে বেশ দ্রুত গতিতেই এগিয়েছে। ক্লাইম্যাক্সের পর কাহিনি অনেকটাই অনুমেয় হয়ে পড়ে। তবে হাস্যরসাত্মক সিকোয়েন্সগুলো এমনভাবে তৈরি যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক দর্শকদের মনোযোগও ধরে রাখবে।
'মাদাগাস্কার' সিরিজের সঙ্গে যারা পরিচিত নন, তাদেরও কাহিনি বুঝতে সমস্যা হবে না। বিশেষ করে শিশুদের জন্য বেশি উপভোগ্য সিনেমা হিসেবে দেখা যেতে পারে এটিকে। ছোট ছোট পেঙ্গুইনদের গুপ্তচরবৃত্তি আর দুঃসাহসিক যাত্রা কচি দর্শকদের মনে সহজেই উত্তেজনা সৃষ্টি করবে।
