'ঐ ব্যক্তি নারীদের জন্য হুমকি'
মাসখানেক আগে ভারতীয় একটি রিয়ালিটি শোয়ের শুটিং চলাকালীন দর্শকসারি থেকে মঞ্চে উঠে এসেছে উপস্থাপিকা গওহার খানকে চড় মারেন এক যুবক।
সম্প্রতি সেই যুবক দাবি করেন, অনুষ্ঠানের প্রচার বাড়াতে গওহার নিজেই তাকে চড় মারতে বলেন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই 'ইশাকজাদে' খ্যাত এই তারকা বলছেন, নিজের অপরাধ ঢাকতেই এই ভিত্তিহীন দাবী করছে ঐ যুবক।
২রা ডিসেম্বর মুম্বাইতে 'ইন্ডিয়াস র স্টার'-এর চূড়ান্ত পর্বের শুটিং চলাকালে ঘটে এই ঘটনা। ২৪ বছর বয়সী আকিল মালিককে সঙ্গে সঙ্গে যৌন উৎপীড়ণের অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে বিবৃতিতে তিনি বলেন, 'খোলামেলা' পোশাক পরিহিতা গওহারকে দেখে তিনি যৌন উত্তেজনা বোধ করছিলেন, আর তাই তিনি ও তার মতো অন্য যুবকদের 'মাথা নষ্ট' হওয়া থেকে রক্ষা করতে এবং গওহারকে উচিৎ শিক্ষা দিতে এ কাণ্ড ঘটান তিনি।
কিন্তু ঘটনার এক মাস যেতে না যেতেই জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনুষ্ঠানের প্রচার বাড়াতে নিজেই তাকে চড় মারতে বলেছিলেন গওহার। এমনকি সে জন্য তাকে টাকাও দেওয়া হয়।
আকিল মালিকের এমন দাবীর পর এক বিবৃতিতে গওহার বলেন, " যে ব্যক্তি আমার ওপর হামলা করে জেলে গেছে, তার এমন ফালতু দাবীর প্রতিক্রিয়ায় আমি কেবল একটি কথাই বলতে চাই, জেল থেকে বেরিয়ে সে এটাই প্রমাণ করেছে যে ভারতের সাধারণ নারীদের জন্য কত বড় হুমকি এবং বিশেষ করে চলচ্চিত্র কিংবা টেলিভিশন জগতের নারীদের গণমাধ্যম কতটা অবমাননাকর পরিস্থিতিতে ফেলে দেয়।"
তিনি আরও বলেন, "এই ব্যক্তি তার ঘৃন্যতম অপরাধ ধামাচাপা দিতে চাইছে। তার দাবী ভিত্তিহীন এবং দুর্বল ও ফিল্মি।"
আক্রমণকারী এই যুবককে আগে কখনও দেখেননি দাবী করে 'বিগ বস' জয়ী এই তারকা আরও বলেন, দুই সেকেন্ডের খ্যাতি পাওয়ার সুযোগ আমি কখনোই দেবো না। তার প্রতিটি অভিযোগ যে মিথ্যা, তা আমি প্রমাণ করতে পারি।
২৪ বছর বয়সী আকিল মালিক এর আগে দুবাইতে বেয়ারার কাজ করেছেন। সম্প্রতি দেশে ফিরে বলিউডে নিজের ভাগ্য অন্বেষণের চেষ্টা করছিলেন তিনি। ঘটনার দিন ঐ রিয়ালিটি শোতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছিলেন মালিক।
