সালমানের বিরুদ্ধে তামিলদের বিক্ষোভ
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাক্শেকে সমর্থন দেওয়ায় মুম্বাইয়ে ভারতীয় অভিনেতা সালমান খানের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদে মুখর হতে দেখা গেছে তামিলদের।
শ্রীলংকার রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন ‘দাবাং’ খান। নির্বাচনে প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি রাজাপাক্শের পক্ষে প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি। এই সফরে সালমানের সঙ্গী হয়েছেন শ্রীলংকান সুন্দরী এবং ‘কিক’ সহশিল্পী জ্যাকুলিন ফারনান্দেজ।
বিক্ষোভরত তামিলদের হাতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল এলামের প্রয়াত নেতা প্রভাকরণের ছবি, যিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অভিযানে মারা পড়েন। এছাড়া এলটিটিইর পতাকাও দেখা গেছে বিক্ষোভকারীদের হাতে।
দায়িত্বরত এক পুলিশ অফিসার জানান, সালমানের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
ডিসেম্বরে শ্রীলংকা যান সালমান এবং জ্যাকলিন। সেখানে রাজাপাক্শের সঙ্গে দেখা করেন তারা। ৮ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করেই ছিল এই সফর।
