ইতিহাস গড়লো ‘পিকে’
মুক্তির পর থেকেই নতুন নতুন রেকর্ডের জন্ম দিয়ে আসা সিনেমা ‘পিকে’ এখন হিন্দি সিনেমার ইতিহাসের সর্বকালের সবচেয়ে ব্যাবসাসফল ছবি। সম্প্রতি ঘরোয়া বাজারে ৩০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছে আমির খান অভিনীত সিনেমাটি।
মুক্তির ১৬ দিনের মাথাতেই এই রেকর্ড গড়লো ‘পিকে’। মজার ব্যাপার হল, হিন্দি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি এবং ২০০ কোটি রুপি আয়ের রেকর্ডও গড়েছিল আমির খান অভিনীত সিনেমাই।
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, “#গাজনি ছিল প্রথম হিন্দি সিনেমা, যা ১০০ কোটি রুপি আয় করে। #থ্রি ইডিয়টস ২০০ কোটি আয় করা প্রথম সিনেমা। এবার #পিকে প্রথমবারের মতো আয় করলো ৩০০ কোটি রুপি।”
মুক্তির ১৩ দিনেই ২৭৪ কোটি রুপি আয় করে ভারতের সর্বকালের সবচেয়ে ব্যাবসা সফল সিনেমা হওয়ার রেকর্ড গড়েছিল ‘পিকে’। এই তালিকার দ্বিতীয় স্থানে আমিরেরই অভিনীত সিনেমা ‘ধুম থ্রি’। পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে সালমান খানের ‘কিক’ এবং শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজার মিলিয়ে এর মধ্যেই ৫০০ কোটি ছাড়িয়ে গেছে ‘পিকে’র আয়।
সিনেমার পরিচালক রাজকুমার হিরানি দারুন উচ্ছ্বসিত এই ঘটনায়। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি স্বপ্নেও ভাবিনি, ‘পিকে’র আয় এই অঙ্ক ছাড়াবে। গল্পই যে আসলে সিনেমার রাজা- এই ধারণায় আমার বিশ্বাস আরও বেড়েছে এই ঘটনায়। আমরা এখন সেসব সিনেমা তৈরি অব্যাহত রাখতে পারি, যেগুলোতে আমাদের বিশ্বাস রয়েছে।”
১৯শে ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে ‘পিকে’ অবশ্য আয়ের পাশপাশি শিরোনামে এসেছে ভারতজুড়ে নানা বিতর্কের কারণে। হিন্দু উগ্রবাদীরা সিনেমাটিকে আখ্যা দিয়েছেন ‘হিন্দুধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র’ হিসেবে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাঙ্গ দলের মতো সংগঠনগুলো দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ভোপালের মতো শহরগুলোতে হলে হামলা চালিয়ে বিক্ষোভ করেছে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণার দাবিতে।
তবে এতো বিরোধিতা সত্বেও সাধারণ মানুষের ভেতরে ব্যাপক সাড়া জাগিয়েছে এই বিদ্রুপাত্মক কমেডিটি। সিনেমার তৃতীয় সপ্তাহেও হাউজফুল প্রদর্শনী হচ্ছে সিনেমাটির।
