নোয়াখালীর তারেকই ‘সেরাকণ্ঠ'
সংগীতভিত্তিক রিয়ালিটি শো ‘সেরাকণ্ঠ’-এর পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালীর আবদুল আওয়াল চৌধুরী তারেক। প্রথম রানারআপ হয়েছে চট্টগ্রামের প্রান্ত , যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রামের নাবিলা ও মুন্সিগঞ্জের হৃদয়।
শুক্রবার ‘সেরাকণ্ঠ’-এর চূড়ান্ত আসরটি বসেছিল কাতারের রাজধানী দোহার আল আরাবী ষ্টেডিয়ামে। প্রায় চল্লিশ হাজার দর্শকের উপস্থিতিতে গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করে তুলেছিলো এক ঝাঁক দেশী তারকার পারফমর্্যান্স।
‘সেরাকণ্ঠ’- এর মহোৎসবে এবারের আসরের সেরা সাত প্রতিযোগী নাবিলা, প্রান্ত, এ্যানি, তারেক, মেরি, বিভোর ও হৃদয় মাকে নিয়ে সাতটি গান পরিবেশন করে । ছিল তাদের কোরাস পরিবেশনা। সেরা সাত প্রতিযোগীকে উৎসাহ দিতে সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, কণা, মেহের আফরোজ শাওন, এস আই টুটুল, আবিদা সুলতানা, রফিকুল আলমরা তাদের সঙ্গে দ্বৈতভাবে সংগীত পরিবেশন করেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ হাসান খন্দকার, বাংলাদেশ কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট ওয়াহিদ ভূঁইয়া, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ অন্যান্যরা।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ‘সেরাকণ্ঠ সিজন ফাইভ’-এর প্রধান চার বিচারক শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু।
