হিন্দি সিনেমায় কিডম্যান?
অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে এবার দেখা যেতে পারে হিন্দি সিনেমায়। শোনা যাচ্ছে অজয় দেভগনের পরবর্তী সিনেমা ‘শিভায়ে’তে দেখা যেতে পারে তাকে।
অনেকদিন ধরেই গুঞ্জন উঠছিল অজয়ের নতুন সিনেমার নব্বই শতাংশ কলাকুশলী আসছেন ভারতের বাইরে থেকে । সেই পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো ‘মুলা রুজ’ খ্যাত এই অভিনেত্রীকে দেখা যেতে পারে সিনেমাটিতে। সিনেমায় নিকোলের চরিত্রটিকে গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হচ্ছে।
সিনেমাটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও অজয় দেভগন নিজেই অভিনয় করবেন তার প্রযোজিত এই সিনেমায়। তার বিপরীতে অভিনয় করবেন সায়রা বানুর নাতনি সায়েশা।
২০০০ সালে প্রথমবারের মতো অভিনয়ের পাশপাশি সিনেমা প্রযোজনাও শুরু করেন অজয়। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘রাজু চাচা’। ২০০৮ সালে মুক্তি পায় ‘ইউ মি অউর হাম’। এটিই ছিল অজয় দেভগন পরিচালিত প্রথম সিনেমা।
