সেলেনার মসজিদ ভ্রমণ, ভক্তদের সমালোচনা
নববর্ষ উদযাপনে মার্কিন পপতারকা সেলেনা গোমেজ গিয়েছিলেন আবু ধাবি। সেখানকার বিখ্যাত শেইখ জায়েদ মসজিদে ছবি তোলেন তিনি। ইন্সটাগ্রামে সেই ছবি প্রকাশের পরপরই উঠেছে সমালোচনার ঝড়।
কালো বোরকা পড়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলেও ইচ্ছাকৃতভাবে নিজের পায়ের গোড়ালি দেখিয়ে ছবি তোলেন গমেজ। ইন্সটাগ্রামে এই ছবি নিজেই পোস্ট করেন।
বি্রটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, মসজিদে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে। যেগুলোর মধ্যে নারী-পুরুষের অন্তরঙ্গ হওয়া, হাত ধরা, চুমু খাওয়ার মতো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, মসজিদে প্রবেশ করা নারীদের পোশাক অবশ্যই পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢাকা হতে হবে।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোড়ন তুলেছে। সেলেনা গোমেজকে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
"এমন একটি পবিত্র স্থানে গিয়ে এই ধরনের অসম্মানজনক কাজ করারই বা কী দরকার!" লেখেন একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী।
আরেকজনের মত ছিল, "ন্যাক্কারজনক! এটি একটি পবিত্র স্থান, কোনো মজা করার জায়গা নয়! খুবই হতাশ আমি!"
ছবিগুলো দেখে এক ভক্ত লেখেন, "যদি তারা ইসলাম ধর্ম এবং মুসলিমদের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য ওখানে গিয়ে থাকেন, তবে তারা এভাবে ছবি তুলতেন না। তাদের দেখে মনে হচ্ছে কোন থিম পার্কে গিয়েছেন আনন্দ করার জন্য।"
ভক্তদের সমালোচনার মুখে কিছু সময় পর ছবিগুলো সরিয়ে ফেলেন গোমেজ, কিন্তু এ বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি।
আবু ধাবির শেইখ জায়েদ মসজিদে গিয়ে এর আগেও বিতর্কের জন্ম দিয়েছেন তারকারা। কালো পোশাক পড়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ফটোশুট করে সমালোচনার মুখে পড়েন গায়িকা রিহানা। তার বিরুদ্ধে বিনা অনুমতিতে ছবি তোলার অভিযোগ আনে মসজিদ কর্তৃপক্ষ।
