ঢাকাই সিনেমা ২০১৪: শাকিবই সেরা
খ্যাতির কারণেই হোক কিংবা অভিনয়গুণে - ২০১৪ সালে ঢাকাই সিনেমাতে ‘রাজত্ব’ করে গেছেন ‘কিং খান’ শাকিব খান। বছরের ব্যবসাসফল সিনেমাগুলোর অভিনেতা তিনি। তবে তাকে ছেড়ে কথা বলেননি বাপ্পী চৌধুরী ও আরেফিন শুভ। ‘মোস্ট ওয়েলকাম টু’ - সিনেমার নায়ক অনন্ত জলিল বছর শেষে, নতুন সিনেমা ‘স্পাই - অগ্রযাত্রার মহানায়ক’ নির্মাণের ঘোষণা দিয়েছেন।
বছরের ‘সেরা নায়ক’ শাকিবের পাশাপাশি নায়কোচিত উপস্থিতিতে ‘কিস্তিমাত’ করেছেন আরেফিন শুভ। রোমান্টিক ‘হানিমুন’ শেষে লাভার বয় বাপ্পী চৌধুরীও হুঙ্কার ছুঁড়লেন ‘আই ডোন্ট কেয়ার’। বছরের একদম শেষে ‘দেশা-দ্য লিডার’- এ নামভূমিকায় অভিনয় করে শিপন বলছেন, দৌড়ে আছেন শিপনও।
‘হিরো দ্য সুপারস্টার’ শাকিব
এ বছর শাকিবের জন্য বড় খবর ছিল চিত্রনায়ক থেকে প্রযোজকের খাতায় নাম লেখানো। ঈদুল ফিতরে নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে তিনি নির্মাণ করেন ‘হিরো-দ্য সুপারস্টার’ সিনেমাটি। সিনেমাটি ছিল এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। তামিল সিনেমা ‘রেবেল’-এর নকল করেছে বলে অভিযোগ উঠলেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে বলে দাবি করছে সিনেমা হল মালিক সমিতি। সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন দুই প্রতিদ্বন্দ্বী অপু বিশ্বাস ও ববি হক।
ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘হিটম্যান’ সিনেমাতেও তার অন্যরকম উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছিল। অ্যাকশন ধাঁচের সিনেমাটি ছিল এ বছরের অন্যতম আলোচিত সিনেমা।
এ বছর শাকিব-অপু জুটির আরও চারটি সিনেমা মুক্তি পায়। বছরের শুরুতে ‘ডেয়ারিং লাভার’, ‘ভালোবাসা এক্সপ্রেস’, ‘কঠিন প্রতিশোধ’ মোটামুটি ব্যবসা করলেও ঈদুল আযহার সিনেমা ‘সেরা নায়ক’ আশানুরূপ ব্যবসা করতে পারেনি। বছর শেষে অপুর বিপরীতে কাজ শুরু করেছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, জি সরকারের ‘লাভ ২০১৪’ সিনেমা দুটিতে।
শাকিব এ বছর শুরু করেছিলেন ‘রাজত্ব’ সিনেমা দিয়ে। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমাতে ‘তুমি ছাড়া কে আছে হৃদয়ে’ গানটিতে ববির সঙ্গে তার অন্তরঙ্গ একটি দৃশ্য সমালোচিত হয়। সিনেমাটি শাকিব-ববি জুটি নিয়ে চলচ্চিত্র পরিচালকদের নতুন করে ভাবিয়েছে।
‘ফাঁদ’ সিনেমাতে শাকিব-আঁচলের জুটি সফল না হলেও বছর শেষে নবাগত পরিচালক শামীম আহমেদ রনি এ জুটিকে নিয়ে শুরু করেছেন ‘মেন্টাল’ সিনেমার শুটিং। শাকিব-জয়া জুটির প্রথম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ফ্লপ হলেও তাদের নিয়েই সিকুয়াল নির্মাণ করছেন সাফিউদ্দিন সাফি। সাফির পরিচালনায় ‘প্রেম করে আমি মরবো’ সিনেমাতে তিশার সঙ্গে জুটি বাধার কথা থাকলেও তা হয়নি। তবে তিশাকে নায়িকা হিসেবে পাচ্ছেন ‘মেন্টাল’ সিনেমাতে। এছাড়া ‘ধূমকেতু’ সিনেমাতে পরীমনি এবং ‘সত্তা’ সিনেমাতে ভারতীয় নায়িকা পাওলি দামের বিপরীতে অভিনয় করছেন তিনি।
গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় শাকিব জানিয়েছেন, গড়পরতা সিনেমাতে আর অভিনয় করবেন না।
“দশটি ফ্লপ সিনেমা থেকে একটি হিট সিনেমা করলে তাতেই লাভ। শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, একটি হিট সিনেমার ফলে পুরো চলচ্চিত্রশিল্প আর্থিকভাবে লাভবান হয়।”
ছর শেষে যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার কথা শোনা গেলেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না শাকিব। তবে ভারতীয় অভিনেতা জিৎ, দেবের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তার।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান এবারও শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন বলে শোনা যাচ্ছে।
অনন্ত জলিলের অভিযান..
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’ - বিজ্ঞাপনচিত্রের এই সংলাপের গুণে বছরজুড়েই আলোচনায় ছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রাঙ্গন তো বটেই, সামাজিক যোগাযোগের মাধ্যমেও তার ছিল সরব উপস্থিতি। এ বছর অনন্ত জলিলের একটি সিনেমাই মুক্তি পেয়েছে। তা হলো ‘মোস্ট ওয়েলকাম-২’। এ বছর তিনি ঘোষণা দিয়েছেন, তার প্রতিষ্ঠান মনসুন ফিল্মস থেকে তিনি বছরে তিনটি সিনেমা প্রযোজনা করবেন, যেগুলোতে তিনি অভিনয় করবেন না। সিনেমাগুলোতে নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। আর বছরে মাত্র একটি সিনেমাতেই তিনি অভিনয় করবেন।
দেশীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে ‘মোস্ট ওয়েলকাম-২’ সিনেমাটি তিনি জাপানের একটি হলে মুক্তি দিয়েছেন। এছাড়াও আরও ছয়টি দেশে মুক্তির পরিকল্পনা করেছিলেন সিনেমাটির।
বছর শেষে তিনি ‘স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন।
এ বছরের শেষের দিকেই পুত্রসন্তানের বাবা হয়েছেন অনন্ত। স্ত্রী বর্ষা থাইল্যান্ডের একটি হাসপাতালে এই পুত্রসন্তানের জন্ম দেন। তারা ছেলের নাম রেখেছেন আইজান।
‘বাপ্পী মানেই নতুন কিছু’
“বাপ্পী মানেই তফাৎ, বাপ্পী মানেই নতুন গল্প, নতুন গান, আর নতুন নাচ। বাপ্পী মানেই সবকিছু।”- আত্মবিশ্বাসী বাপ্পীর মুখে এমন কথাই শোনা গিয়েছিল ‘সুইটহার্ট’ সিনেমার সেটে।
গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় বাপ্পী বলছিলেন, “আমি অলরাউন্ডার হিরো হতে চাই। ধুম ধারাক্কা বাণিজ্যিক সিনেমা যেমন করব, তেমনি অফ বিটের সিনেমাও করব।”
ববির সঙ্গে ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ দিয়ে বছর শুরু করা বাপ্পীকে এরপর দেখা যায় ‘ওয়ান ওয়ে’তে। ‘কি দারুণ দেখতে’র পর মাহির বিপরীতে দেখা গেছে ‘হানিমুন’ ও ‘দবির সাহেবের সংসার’ সিনেমায়, এখন আবার শুরু করেছেন ‘অনেক দামে কেনা’র শুটিং। নতুন নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে ‘লাভ স্টেশন’ এ সফলতা পাননি। তারপরও বিদ্যা সিনহা মিমের সঙ্গে শুরু করেছেন ‘সুইটহার্ট’ সিনেমার শুটিং। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরী মনির সঙ্গে। তারা অভিনয় করছেন ফারুক ওমরের ‘লাভার নম্বর ওয়ান’ সিনেমাতে।
এ বছরের সফলতম নায়ক বাপ্পীর জন্য সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ ছিল ‘অনেক সাধের ময়না’ সিনেমার ‘মতি’ চরিত্রটি। রাজ্জাক-কবরী জুটির ‘ময়নামতি’ সিনেমা অবলম্বনে রাজ্জাক অভিনীত চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষাও করতে হয়েছে তাকে।
ঈদুল আযহায় ববির বিপরীতে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘আই ডোন্ট কেয়ার’ও বক্স-অফিসে ভালোই চলেছে।
শুভর ‘কিস্তিমাত’
বছরের শুরুতে মাহিয়া মাহির বিপরীতে ‘অগ্নি’ সিনেমাতে ড্রাগন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন আরেফিন শুভ। শাকিবের পর ভবিষ্যতের নায়ক হিসেবে তার নামটিও এখন বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে চলচ্চিত্রাঙ্গনে। এ বছর তিনি আরও অভিনয় করেছেন ‘তারকাটা’ ও ‘কিস্তিমাত’ সিনেমাতে। ‘তারকাটা’য় সফল না হলেও ‘কিস্তিমাত’ এ বাজিমাত করেছেন শুভ। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে তার অভিনীত ‘ওয়ার্নিং’ এবং ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমা দুটি। হাতে রয়েছে বিগ বাজেটের আরও বেশ কটি সিনেমা। নতুন বছরের সেরা হওয়ার দৌঁড়ে তিনি কাউকে পরোয়া করছেন না আর। গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি কারও সঙ্গে কোনো প্রতিযোগিতায় বিশ্বাস করি না। অন্য নায়করা কে কি করছে, তা দেখে বৃথা সময় নষ্ট করতে চাই না। আমি তাদের কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি না”।
ফের ব্যস্ত ফেরদৌস
বছর শেষে ‘বৃহন্নলা’ এবং ‘এক কাপ চা’ সিনেমার মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফেরদৌস। সরকারি অনুদানের সিনেমা ‘বৃহন্নলা’ সিনেমাতে আট বছর পর অভিনয় করেছেন সোহানা সাবার বিপরীতে। বছর শেষে মুক্তি পেলো তার প্রযোজনার প্রথম সিনেমা ‘এক কাপ চা’। এ বছর তিনি ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’, দিলশাদ শিমুলের ‘লিডার’ এবং অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’ সিনেমার কাজে। এছাড়াও টালিগঞ্জের অভিনেত্রী ঋতুপর্ণা প্রযোজিত চারটি সিনেমাতে অভিনয়ের কথাও বলেছিলেন তিনি।
‘দেশা’-য় মাতাচ্ছেন শিপন
নতুনদের জন্য বরাদ্দ সব আলো যেন একাই কেড়ে নিয়েছেন শিপন। সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বছর শেষে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার অভিনয় বেশ সাড়া ফেলেছে। ‘দেশা-দ্য লিডার’-এর পর মাহির বিপরীতেই শুরু করেছেন ‘বিগ ব্রাদার’ সিনেমার শুটিং। শুটিং শুরু করেছেন আলভি আহমেদের ‘ইউটার্ন’ সিনেমারও ।
এবং অন্যান্য.......
এ বছর অভিনেতাদের মধ্যে আরও আলোচনায় ছিলেন আনিসুর রহমান মিলন। ‘অনেক সাধের ময়না’ এবং ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘তোমার কাছে ঋণী’, ‘স্বপ্নছোঁয়া’, ‘তুই শুধু আমার’ তিনটি সিনেমা দিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন সায়মন। ‘জোনাকির আলো’, ‘স্বপ্ন যে তুই’সহ ছয়টি সিনেমা মুক্তি পেলেও অভিনেতা ইমনকে পাওয়া যায়নি বড় বাজেটের কোনো সিনেমাতেই। নায়ক হিসেবে তাকে নিয়ে স্বপ্ন দেখার লোকও কম চলচ্চিত্রাঙ্গনে।
সাবেক প্রেমিকা শখের বিপরীতে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি দিয়ে নিলয় ক্ষণিকের জন্য হলেও আলোচনায় ছিলেন ঢাকাই সিনেপাড়ায়। সাড়া জাগানো চিত্রনায়ক মাহফুজ আহমেদ বছর শেষে ‘জিরো ডিগ্রি’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে জানিয়ে রাখছেন, চলচ্চিত্রে নিয়মিত হবেন তিনি। সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি।
‘পিঁপড়াবিদ্যা’র অভিনেতা নূর ইমরান মিঠুর অভিনয় দর্শক-সমালোচকদের তুষ্ট করলেও মিঠুর স্বপ্ন পরিচালক হবেন, নায়ক নয়।
‘অদৃশ্য শত্রু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে এসেছেন অভিনেতা মাসুদ পারভেজ তনয় ইউল রাইয়ান।
চলচ্চিত্রে আবারও নিয়মিত হয়ে উঠছেন একসময়ের আলোচিত অভিনেতা ডিপজল। জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও ব্যস্ত হয়ে উঠছেন চলচ্চিত্রাঙ্গনে। অভিমান ভুলে চলচ্চিত্রে ফিরেছেন রিয়াজ, ওমর সানিরা। রিয়াজ অভিনয় করছেন ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ সিনেমাতে। ওমর সানি অভিনয় করছেন ‘লিডার’, ‘মার ছক্কা’ এবং সরকারি অনুদানের ‘লাল সবুজের সুর’ সিনেমাতে। অ্যাকশন হিরো রুবেল অভিনয় করছেন ‘পৃথিবীর নিয়তি’ নামের একটি সিনেমাতে।
নাটক থেকে চলচ্চিত্রে এসে নাম কুড়াতে চাইছেন অভিনেতা সজল ও অপূর্ব। সজল অভিনয় করছেন তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ সিনেমাতে, অপূর্ব অভিনয় করছেন ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমাতে।
এছাড়া সাগর, শাহরিয়াজ, ফাহিম, আদি, অভি, সুমিত, পলাশ, সৌরভ সিডাক, সাগর জাহানসহ বেশ কয়েক জন নবাগতের চলচ্চিত্রে অভিষেক হলেও আলোচনায় আসার মতো অভিনয়নৈপুন্য দেখাতে পারেননি তারা।
