পাল্টে যাচ্ছে ‘স্পাইডার ম্যান’
সম্প্রতি ‘সনি পিকচার্স’-এর ইমেইল হ্যাক হওয়ায় ফাঁস হয়ে গেছে গুরুত্বপূর্ন বেশ কিছু তথ্য। মারভেলের সাথে সনির চুক্তিটি সম্পন্ন হলে পরবর্তী ‘দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যান’ সিরিজের পরের সিনেমায় নাও দেখা যেতে পারে অ্যান্ড্রু গারফিল্ডকে।
শুধু গারফিল্ডই নন, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’-এর পুরো দলই পাল্টে যেতে পারে। সম্পূর্ণ নতুন ভাবে স্পাইডার ম্যানকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মারভেলের।
ফাঁস হওয়া ইমেইল থেকে জানা গেছে, পুরো ‘স্পাইডার ম্যান’ ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে মারভেল। চুক্তিটি সম্পন্ন হলে পুরো মালিকানার ৬০ শতাংশ থাকবে মারভেলের হাতে, আর বাকিটুকু থাকবে সনির কাছে। আর স্পাইডার ম্যান চরিত্রটির উপর স্বত্ত্বাধিকার থাকবে না সনির।
‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’-এর সিকুয়াল দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণেই মারভেল চাইছে পুরো ফ্র্যাঞ্চাইজিটি আবার নিজেদের দখলে নিতে। এছাড়াও মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আসন্ন অন্যতম সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা থ্রি: সিভিল ওয়ার’- এ স্পাইডার ম্যান অন্যতম গুরত্বপূর্ণ একটি চরিত্র। তাই সনির কাছ থেকে স্পাইডার ম্যানের স্বত্ত্ব কিনে নেওয়ার জন্য উঠে পড়েই লেগেছে মারভেল।
