বক্স-অফিসে শীর্ষে ‘এক্সোডাস’
মুক্তির পরপরই বক্স-অফিসের শীর্ষস্থানটি দখলে নিয়েছে রিডলি স্কটের নতুন সিনেমা ‘এক্সোডাস: গডস অ্যান্ড কিংস’। মোজেস এবং রামেসিসের ঐতিহাসিক দ্বৈরথকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
সাড়ে তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমাটি দেখার জন্য ভেঙ্গে পড়েছেন দর্শকরা। ক্রিশ্চিয়ান বেল, জোয়েল এডগারটন, জন টারটুরো, অ্যারন পল অভিনীত ‘এক্সোডাস: গডস অ্যান্ড কিংস’ প্রশংসিত হয়েছে দর্শক-সমালোচক উভয় মহলেই।
ধরা হচ্ছে, সপ্তাহশেষে সিনেমাটির আয়ের অঙ্ক বেড়ে দাঁড়াবে দুই থেকে আড়াই কোটি মার্কিন ডলারে।
এদিকে টানা তিন সপ্তাহ বক্স-অফিসে নিজেদের দাপট বজায় রেখে অবশেষে দ্বিতীয় স্থানে নেমে গেছে ‘দ্য হাঙ্গার গেইমস: মকিং জে- পার্ট ওয়ান’। যদিও ব্যবসাসফল সিনেমা হবার তকমা গায়ে লেগেছে অনেক আগেই। সব মিলিয়ে সিনেমাটির আয় গিয়ে ঠেকেছে ২৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে।
২০ লাখ ৫০ হাজার ডলার আয় নিয়ে বক্স-অফিসে তৃতীয় স্থানে রয়েছে ক্রিস রকের ‘টপ ফাইভ’ সিনেমাটি। অ্যানিমেটেড সিনেমা ‘পেঙ্গুইনস অফ মাদাকাস্কার’ মুক্তির পর রয়েছে বক্স-অফিসের চতুর্থ স্থানে, আয় করেছে ১০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
আর সব মিলিয়ে ৫৪ কোটি মার্কিন ডলার আয় করা ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার হিট সিনেমা 'ইন্টারস্টোলার' এখন রয়েছে পঞ্চম স্থানে।
