‘গিটার শেখার মতো প্রতিষ্ঠান নেই’
দেশে এখনও গিটার শেখার মতো ‘ভালো মানের’ প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বলে মনে করছেন ফিডব্যাকের ভোকাল ও গিটারিস্ট লাবু রহমান।
সিনিয়র এই ব্যান্ড তারকা বলছেন, “আজকাল অনেকেই গিটার বাজিয়ে অনেক নামডাক তৈরি করে ফেলেছে। কিন্তু সঠিকভাবে বাজাতে না পারার কারণে ভালো মানের গান তৈরি হচ্ছে না। নতুনরাও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।”
সম্প্রতি বিডিমিউজিক প্ল্যানেটের ‘ওয়ার্কশপ অ্যান্ড জ্যামিং উইথ লাবু রহমান’ শীর্ষক এক আয়োজনে গ্লিটজের সঙ্গে কথা হয় লাবুর।
তিনি মনে করছেন, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনেক তরুণ গিটারের পাঠ নিলেও তারা গিটারের কর্ড ও নোটের ব্যাকরণ সম্পর্কে ‘সঠিক’ জ্ঞান পাচ্ছে না। ফলে তারা কিছু গান বাজাতে পারলেও ভবিষ্যতে গান কম্পোজ করার সময় অন্যের কাজ নকল করা ছাড়া আর তেমন কিছু করতে পারবেন না বলে দাবি করেন তিনি। এজন্য তরুণ গিটারিষ্টদের সঠিক উপায়ে গিটার শেখার পরামর্শ দিয়েছেন তিনি।
লাবু গ্লিটজকে জানান, ক্যারিয়ারের শুরুতে গিটার শেখার সুযোগ পাননি তিনি। তবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তিনি তরুণদের মধ্যে বিলিয়ে দিতে চান। ‘ওয়ার্কশপ অ্যান্ড জ্যামিং উইথ লাবু রহমান’ প্রোগ্রামে এসে তিনি তরুণদের গিটার বাজানোর নানা কৌশল হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন।
ছবি- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি বলছেন, “আমি শত ব্যস্ততার মধ্যেও তরুনদের শেখাতে চাই। কারণ আমি শেখাতে খুবই পছন্দ করি। তাই আমি এমন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আমি তরুণদের শেখার ক্ষেত্রে সব সময় সাহায্য করতে চাই।”
এখনকার সময়ের গান প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সময়ের গানগুলো ত্রিশ বছর পরও কালজয়ী। এখনকার সময়ের তরুণদের গানগুলো দর্শকহৃদয়ে ঠাঁই করে নিতে হলে বিশ বছর সময়তো লাগবেই। যদি বিশ বছর পর মানুষ তাদের গান শুনে তাহলে বুঝতে হবে তাদের গান শ্রোতার হৃদয় ছুঁয়ে গেছে। কেবল তখনই ওদের কাজের মূল্যায়ন করা সম্ভব।”
বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অনেক শিল্পী উঠে আসছে, প্রতিযোগিতার বাইরেও বিভিন্ন ব্যান্ড তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যান্ডের সদস্যদের মধ্যে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ’ থাকছে না বলে অনেক ব্যান্ডদল হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলেও পরবর্তীতে গিটারেই নিয়মিত হয়ে পড়েন লাবু রহমান। ১৯৭৬ সাল থেকেই গিটার বাজাচ্ছেন। ‘এই দিন চির দিন রবে’ তার রেকর্ড করা প্রথম গান । এছাড়াও পপ সম্রাট আজম খানের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আমি যারে চাইরে’ গানটির কথা ও সুর তার। তিনি ১৯৮৭ সালে ব্যান্ড দল ‘ফিডব্যাক’ এ যোগ দেন।
