লতা-আশা একসঙ্গে
ভারতীয় সংগীত জগতের দুই নক্ষত্র লতা মুঙ্গেশকর ও আশা ভোঁসলে সবশেষ একসঙ্গে কাজ করেন ১৯৮৪ সালে। একটি গানে একসঙ্গে প্লেব্যাক করেছিলেন দুই বোন। আবার তারা এক হলেন। শান ও আশা ভোঁসলের গাওয়া গান প্রযোজনা করলেন লতা।
‘অ্যা হাওয়া’ শিরোনামের গানটি প্রযোজনা করছে লতা মুঙ্গেশকরের এলএম মিউজিক।
ভারতীয় দৈনিক ডেকান ক্রনিকালকে লতা বলেন, “বোনের সঙ্গে হাত মিলিয়ে খুব ভালো লাগছে। আমরা একসঙ্গে বহু গান গেয়েছি এবং তাঁর সঙ্গে মাউথপিসের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের ব্যাপার।”
দুইবোন দীর্ঘ ৩০ বছর পর একসঙ্গে কাজ করছেন। ১৯৮৪ সালে ‘উৎসব’ সিনেমার জন্য ‘মন কিঁউ বেহেকা’ গানটি গেয়েছিলেন তারা।
লতা জানিয়েছেন, “একসঙ্গে গান গাওয়া একটু কষ্টসাধ্য। আমরা দুজনে ভিন্ন ধরনের গায়িকা। মিউজিক কম্পোজারকে মিটিং-পয়েন্ট খুঁজতে হতো। এটি খুব সহজ নয়।”
তবে কী ভাবে ‘অ্যা হাওয়া’র জন্য তাঁরা এক হলেন?
তার মতে, “আমার ভাগ্নি রচনার দেবর রোহান শাহ গানটি কম্পোজ করে। আশা এবং শান গানটি গেয়েছে। তাই আমি ঠিক করি যে সারেগামা-এইচএমভির সঙ্গে আমার কোম্পানি এলএম মিউজিক গানটি প্রোডিউস করবে।”
