শ্যাম বেনেগালের সান্নিধ্যে এক সন্ধ্যা
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল ঠিক চারটায়। রবিবার বিকেলে তাই চলচ্চিত্রানুরাগীদের মিলনমেলাতেই পরিণত হয় জায়গাটি। সবাই অপেক্ষায় ছিলেন, কেবল একজনের - তিনি শ্যাম বেনেগাল, ভারতীয় যে নির্মাতার হাত ধরে চার দশক আগে হিন্দি সিনেমায় এসেছিল নতুন মোড়।
ঢাকার যানজটের কারণে সেই শ্যাম বেনেগালের অপেক্ষায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে বসে থাকতে হলো উপস্থিত সবাই। সবুরের মেওয়া ফললো। বরেণ্য এই নির্মাতা আলোকপাত করলেন, এই উপমহাদেশে সিনেমার দীর্ঘ ইতিহাসের ওপর। সুস্পষ্টভাবে বললেন, সিনেমা হল গণমানুষের মাধ্যম। জানালেন, এই শক্তিশালী মাধ্যমকে সমাজ বদলের হাতিয়ার করে তুলতে যে কোনো দেশেই ফিল্ম ইন্সটিউটের গুরুত্ব কতখানি।
“আমাদের সবসময়ই একটা কথা মনে রাখতে হবে, সিনেমা সবসময়ই গণমানুষের শিল্প মাধ্যম। সিনেমা কখনোই ব্যাক্তিগত মাধ্যম নয়, যে আপনি কারো কথা চিন্তা না করে নিজের ইচ্ছামতো ছবি বানাতে পারবেন। আমাদের উপমহাদেশেও সিনেমা বানানোর ক্ষেত্রে এই মূলনীতি সবসময় মেনে চলা হয়েছে। আর এ কারণেই এখানে সিনেমা বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম।”
সাত বার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শ্যাম বেনেগাল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে তার সম্মানে আয়োজিত অনুষ্ঠানটিতে গল্পচ্ছলে বলে গেলেন উপমহাদেশের সিনেমার ইতিহাসের সার-সংক্ষেপ।
“আমাদের উপমহাদেশে সিনেমার মূল সুরটা কিন্তু এসেছিল থিয়েটার থেকে। ভারতের আদি মঞ্চনাটকের আসল নির্যাস, ‘নবরস নীতি’ অনুসরণ করেই কলকাতা আর মুম্বাইয়ে শুরু হয় সিনেমা বানানোর চল। আমাদের লোক এবং ধ্রুপদ সংস্কৃতি থেকেই এর উদ্ভব। আর তাই এই উপমহাদেশের সিনেমার যে ঘরানা, সেটা পুরো বিশ্বেই একেবারে অনন্য। বিশ্বচলচ্চিত্রের ইতিহাসে তাই, সিনেমার এই স্বতন্ত্র ঘরানাকে উপমহাদেশের এক অসাধারণ অবদানই বলতে পারেন।”
নিজের এই দাবির যুক্তিটা দিলেন তিনি একটু পরেই।
“পৃথিবীর আর কোথাও দেশের প্রথমসারির কবিরা সিনেমার গীতিকার হিসেবে কাজ করেন না। চিন্তা করুন, সাহির লুধিয়ানভি, কাইফি আজমিদের মতো ভারতের শীর্ষ কবিরা গীতিকার হিসেবে কাজ করেছেন এক সময়ের হিন্দি সিনেমায়। তাদের হাতেই রচিত হয়েছে অসাধারণ সব রোমান্টিক গান, বিরহের গান এমনকি রাজনৈতিক বার্তাবাহী গানও।”
“আর এসব কারণেই থিয়েটারযুগের পরেই হিন্দি সিনেমাই হয়ে দাঁড়ালো ভারতের সবচেয়ে সফল বিনোদন মাধ্যম। আর এভাবেই হিন্দি সিনেমার এই অনুপম ধারা পরবর্তীতে প্রতিষ্ঠা পেল উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরানা হিসেবে।”
শ্যাম বেনেগালের জবানীতে উঠে এল প্রথম সবাক হিন্দি সিনেমার গল্পও।
“এতে করে আমাদের সিনেমার নিজেস্ব ঘরানা তৈরি হলেও এক ধরনের সমস্যাও তৈরি হল পরবর্তীতে। এর ফলে নাচ-গানের আধিক্যে হিন্দি সিনেমা থেকে ধীরে ধীরে বিষয়বস্তুর গরুত্বই হারিয়ে যেতে শুরু করলো একটা সময়। সিনেমায় এই রূপরেখা থেকে বেরিয়ে অন্যভাবেও যে গল্প বলা যায়, এটাই যেন ভুলে গেলেন দর্শকেরা।”
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণে সম্মানিত এই নির্মাতা ভারতীয় সিনেমার পালাবদলের কৃতিত্ব দেন বাংলার তিন কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনকে। জানান, এঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই সত্তরের দশকে ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মান্থান’ আর ‘ভূমিকা’র মতো সিনেমা বানিয়েছেন তিনি।
“সেই ধারা থেকে বেরিয়ে পঞ্চাশের দশকে নিজেদের মতো করে সিনেমা বানানোর প্রথম সাহসটা দেখিয়েছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন- বাংলার এই তিন নির্মাতা। যাদের সিনেমার সঙ্গে কোনো সংস্রবই ছিল না, তাদের হাত ধরেই বিকল্প ধারার সিনেমা তৈরি হতে লাগল উপমহাদেশে। তাদের দেখানো পথে পরর্তীতে কেরালায় মালায়ালাম নির্মাতা আদুর গোপালা কৃষ্ণান, কনর্াটকে গিরিশ কানর্াড়রা শুরু করলেন সিনেমার বিপ্লব। সবার শেষে এসে এই ঢেউ লাগল হিন্দি সিনেমায়। মজার ব্যাপার হল, কাকতালীয়ভাবে, ঠিক সেই সময়টাতেই আমরা সবাই সিনেমা বানাতে শুরু করলাম!”
তিনি আরও বলেন, “আমরা যেভাবে সিনেমা বানাতে শুরু করেছিলাম, সেটা ছিল বিকল্প ধারা। এমনকী এখনও পর্যন্ত এভাবে যারার সিনেমা বানান তারা বিকল্পধারার নির্মাতা। আমি নিজে একজন বিকল্প ধারার নির্মাতা কারণ, আমার সিনেমা কখনোই তত মানুষ দেখবে না, যতোটা আজ শাহরুখ খানের সিনেমা মানুষ দেখে।”
“কিন্তু এই ধারার ফলে যেটা হয়েছে, সেটা হল সিনেমাকে ভিন্নভাবে দেখার দর্শক এখন তৈরি হয়েছে। কারণ সে ধরনের নির্মাতাও এরপরে অনেক এসেছেন। কুমার সাহানি, মনি কওলের মতো গুণী নির্মাতাদের আমরা অন্যরকম কিন্তু দারুণ সব সিনেমা বানাতে দেখেছি।”
এ সবকিছুর পেছনেই চলচ্চিত্র শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে অভিহিত করেছেন শ্যাম বেনেগাল।
“আর এর সবকিছুর পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলচ্চিত্র শিক্ষা। আমাদের দেশে যেটা ঘটেছে পুনে ফিল্ম ইন্সটিটিউট, সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিউটের মাধ্যমে। বাংলাদেশে এখন সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমি খুবই আশান্বিত এই ব্যাপারে।”
বাংলাদেশ ফিল্ম ইন্সিটিউট প্রতিষ্ঠা হওয়ায় খুব দ্রুতই এদেশের চলচ্চিত্র পরিস্থিতি পাল্টে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
“যেকোনো দেশে ফিল্ম ইন্সটিউট প্রতিষ্ঠিত হলে তার তিন থেকে চার বছরের মধ্যেই সেই দেশের চলচ্চিত্রের চেহারা পাল্টে যায়। বাংলাদেশের সিনেমাজগতেও সেরকম শুভ পরিবর্তন আসবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এ ব্যাপারে আমি খুবই আশাবাদী।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসবের আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা পদক, উত্তরীয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।
