২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'টাকার জন্য অভিনয়ে আসিনি'

ঢাকাই সিনেমার হাল আমলের অভিনয়শিল্পীরা পারিশ্রমিকের ব্যাপারে ছাড় দিতে চান না। কিন্তু নবাগত আসিফ নূর এর ব্যতিক্রম। তার দাবী, টাকার জন্য সিনেমাতে আসেননি। মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই তরুণের। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:28 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমার সেটে কথা হয় আসিফের সঙ্গে। সিনেমাতে আসিফ আবিদ চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন নবাগতা অভিনেত্রী আইরিন সুলতানা।

ঢাকাই চলচ্চিত্রের অনেক নবাগতই শুরুতে আলো ছড়িয়ে হারিয়ে গেছেন ধুমকেতুর মতো। কিন্তু আসিফ দীর্ঘ সময় ধরে থাকতে চান আর সেজন্য কৌশলও নির্ধারণ করেছেন তিনি।

“আমি সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে বিশ্বাসী। আমার ইচ্ছাশক্তি খুব প্রবল। ভালো কিছু করার প্রবল ইচ্ছাই আমাকে টিকিয়ে রাখবে। আমার শুভাকাঙ্ক্ষী ও সিনিয়ররা পাশে থাকলে আমি ভালো করবোই।”

পরিবারের অমতে সিনেমাতে আসা আসিফ গ্লিটজকে বললেন, “সিনেমাতে অভিনয়ের ব্যাপারে অদ্ভুত ভালোলাগা আমার ভিতরে কাজ করে। এ ভালোলাগার বোধই প্রতি মুহূর্তে আমাকে ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। সিনেমাতে এসেছি ভালো কাজ করতে, ভালো কাজের মাধ্যমেই আমি টিকে থাকতে চাই।”

আসিফ তার সিনেমা যাত্রার জন্য মৌসুমী এবং ওমর সানির কাছেই কৃতজ্ঞতা জানালেন। 

সহশিল্পী আইরিনের প্রথম সিনেমা ‘ভালোবাসা জিন্দাবাদ’ দেখা না হলেও কাজ করতে এসে আইরিনের অভিনয়ে বেশ ‘মুগ্ধ’ আসিফ। বললেন, “সহশিল্পী হিসেবে আইরিন দারুণ।”

২০১২ সালে আহমেদ সুস্ময়ের ‘সন্ধ্যাফেরি’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করা আসিফ ২৮টি নাটকে অভিনয় করেছেন।