২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আই উইল বি ব্যাক'(ভিডিওসহ)

সাড়া জাগানো সাই-ফাই অ্যাকশন সিরিজ ‘টার্মিনেটর’ আবারও ফিরছে বড় পর্দায়। কোন সিকুয়াল বা প্রিকুয়াল নয়, ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য টার্মিনেটর’ সিনেমাটির রিব্যুট হিসেবে মুক্তি পাচ্ছে ‘টার্মিনেটর: জেনেসিস’। নতুন সিনেমাতেও দুর্ধ্বর্ষ  টার্মিনেটর টি-এইট হান্ড্রেড সাইবর্গরূপে ফিরতে যাচ্ছেন আর্নল্ড শোয়ার্জনেগার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 08:40 PM

প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ট্রেইলার। প্রথম সিনেমাটির আনুষ্ঠানিক টাইটেল ট্র্যাকটিই ব্যবহৃত হয়েছে সিনেমার ট্রেইলারে।

দুই মিনিট একত্রিশ সেকেন্ডের ট্রেইলারে দেখা যায় পোস্ট অ্যাপোক্যালিপ্টিক পৃথিবীতে আরও আধুনিক টার্মিনেটর সাইবর্গদের আগ্রাসন ঠেকাতে জন কনরের নেতৃত্বে মানব সমাজ বদ্ধপরিকর। সাইবর্গদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সমাধান একটাই- আর সেটা হল অতীতে ফিরে গিয়ে সারা কনরকে রক্ষা করা। সেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসে কাইল রিজ। টাইম মেশিনে করে ফিরে আসে অতীতে। সেখানে সারা আর কাইল মিলে প্রতিরোধ গড়ে তোলে আদিম এক মারাত্মক সাইবর্গের বিরুদ্ধে। অনেকটা অপ্রত্যাশিতভাবে তাদের সাহায্যে এগিয়ে আসে আরেকটি টি এইট হান্ড্রেড সাইবর্গ, যেটি এক সময় সারাকে মেরে ফেলার অভিযানে নেমেছিল।

পুরনো ‘টার্মিনেটর’ সিনেমার আমেজটাও থাকছে ‘টার্মিনেটর: জেনেসিস’ এ। ট্রেইলারের শেষ মূহূর্তে এসে শোনা যায় শোয়ার্জনেগারের সেই ঐতিহাসিক সংলাপ, “আই উইল বি ব্যাক”।

এবারের পর্বে আর্নল্ড শোয়ার্জনেগার ফিরলেও বাকি সব চরিত্রেই এসেছে পরিবর্তন। সারা কনরের চরিত্রে অভিনয় করেছেন ‘গেইম অফ থ্রোন্স’ খ্যাত এমিলিয়া ক্লার্ক। আর কাইল রিজ চরিত্রে আছেন জেই কোর্টনি। এছাড়াও আছেন জেইসন ক্লার্ক, ম্যাট স্মিথ, ইয়ুং-হূন লি প্রমুখ।

এ পর্যন্ত মোট চারটি সিনেমা মুক্তি পেয়েছে ‘টার্মিনেটর’ সিরিজের। সর্বশেষ সিনেমা ‘টার্মিনেটর স্যালভেশন’ মুক্তি পায় ২০০৯ সালে।

‘টার্মিনেটর: জেনেসিস’ এর পরিচালনায় আছেন অ্যাল্যান টেইলর। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের পয়লা জুলাই।

</div>  </p>