‘সুইসাইড স্কোয়াড’-এ লেটো, স্মিথ
রাবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্সদের মতো তারকাদের নিয়ে মার্ভেলের বিশাল বাজেটের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজি যখন ঝড় তুলছে তখন ডিসি কমিকস কেন পিছিয়ে থাকবে? তবে তারা হাঁটছে একটু ভিন্ন পথে। সুপারহিরো নয় সুপারভিলেইনদের দল পর্দায় নিয়ে আসছে তারা।
সুপারম্যান, ব্যাটম্যানদের জাস্টিস লিগ নিয়ে নয়, ডিসি কমিকসের সুপারভিলেইনদের দল ‘সুইসাইড স্কোয়াড’ নিয়েই এবার তৈরী হচ্ছে সিনেমা। ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমায় সুপারভিলেইন হিসেবে আবির্ভূত হবেন জ্যারেড লেটো, উইল স্মিথ, টম হার্ডি আর মার্গট রবির মতো তারকা।
‘ডালাস বায়ার্স ক্লাব’-এর জন্য অস্কারজয়ী জ্যারেড লেটোকে দেখা যাবে জোকারের ভূমিকায়। অন্যদিকে উইল স্মিথ অভিনয় করবেন ডেডশটের চরিত্রে। বেশ কিছুদিন ধরেই শোনা ডাচ্ছিল এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ খ্যাত টম হার্ডি। এবার জানা গেল তিনি অভিনয় করবেন রিক ফ্ল্যাগের ভূমিকায়।
সিনেমার দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্র হার্লে কুইন এবং এনচ্যান্ট্রেসের ভুমিকায় দেখা যাবে মার্গট রবি এবং কারা ডেলভিনকে। জে কোর্টনিকে দেখা যাবে বুমেরাং-এর ভূমিকায়। শোনা যাচ্ছে, লেক্স লুথারের চরিত্রে অভিনয় করবেন ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ খ্যাত জেসি আইজেনবার্গ। এর আগেই অবশ্য একই চরিত্রে তাকে দেখা যাবে ‘সুপারম্যান ভার্সেস ব্যাটম্যন: ডন অফ জাস্টিস’-এ।
সিনেমাটি পরিচারনা করবেন ডেভিড আয়ার। তার পরিচলিত দ্বিতীয় সিনেমা ‘ফিউরি’ মুক্তি পেয়েছে ক’দিন আগেই। ব্রাড পিট, শিয়া লাবেউফ অভিনীত সিনেমাটি এর মধ্যেই সমালোচকদের প্রশংসা পেয়েছে।
সুইসাইড স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য অ্যামান্ডা ওয়েলার, যার হাত ধরেই দলটি গড়ে ওঠে - সে চরিত্রে কে অভিনয় করবেন, একমাত্র সেটির কোনো ঘোষণা আসেনি ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে। এই চরিত্রের জন্য শোনা যাচ্ছে ভায়োলা ডেভিস, অক্টাভিয়া স্পেন্সার এবং ওপরাহ উইনফ্রের নাম।
ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিষ্ঠানটির সভাপতি গ্রেগ সিলভারম্যান জানান, “এই সিনেমাটির ওপর গভীর গুরুত্ব আরোপ করছে ওয়ার্নার ব্রাদার্স। আমরা এই অসাধারণ তারকাদের একসঙ্গে দেখতে চাই ডেভিড আয়ারের দারুণ পরিচালনায়। দর্শকদেরকেও এই ধারণা দিতে চাই, সুপারভিলেইনরা সত্যিকার অর্থে কী আর সুপারহিরোরাই বা কী অর্থ বহন করেন।”
সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৫ সালের এপ্রিলে।
